ব্যবসায়ীদের মানববন্ধনে চাঁদাবাজদের হামলা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে পালটাপালটি হামলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর কাওরানবাজারের কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা করেছে চাঁদাবাজরা। পরে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় পালটাপালটি বক্তব্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা চাঁদাবাজি ও দোকান দখল করছে। তাদের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করায় হামলা চালিয়েছে। তবে যুবদলের দায়িত্বশীলরা বলছেন, ব্যবসায়ীদের কমিটিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মানববন্ধনকারীরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে, ব্যবসায়ীদের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান যুগান্তরকে বলেন, কাওরানবাজারে মানববন্ধন চলাকালে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগ করেছে। এ বিষয়ে মামলা হবে। চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলছে।
কাওরানবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, আবদুর রহমানের অনুসারীরা মানববন্ধনে হামলা চালিয়েছে। তারা বলেছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আবদুর রহমান ও তার অনুসারীরা কাওরানবাজারের বিভিন্ন মার্কেট থেকে চাঁদাবাজি করে আসছে। এর প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যবসায়ীদের ওপর হামলা হয়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে লাঠিসোটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করে ব্যবসায়ীরা।
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে কাওরানবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে বেলা সোয়া ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। পনেরো মিনিট পর হঠাৎ একদল লোক এসে তাদের ওপর হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে কিচেন মার্কেটের সামনে এসে ধাওয়া দিলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। এ সময় ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে বিক্ষোভ করেন।
কাওরানবাজারের ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, কাওরানবাজার সুপারমার্কেট, কিচেন মার্কেট, ১ ও ২ নম্বর সুপারমার্কেটের ব্যবসায়ীরা আবদুর রহমান ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন দোকানভিত্তিক মাসিক ও দৈনিক হারে চাঁদা নেওয়া হচ্ছে। এমনকি বরফ বিক্রেতাদের কাছ থেকেও অর্থ আদায় করা হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এর মধ্যে রোববার তিনটি মামলা করা হয়েছে।
বেলায়েত হোসেন আরও বলেন, আবদুর রহমান তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব ছিলেন, তবে চাঁদাবাজির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু দলীয় পরিচয় ব্যবহার করে তিনি এখনো চাঁদাবাজি করছেন।
এ বিষয়ে আবদুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ যুগান্তরকে বলেন, যারা মানববন্ধন করেছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের কমিটিসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে।
এদিকে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ফজলুল করিম যুগান্তরকে বলেন, চাঁদাবাজির যে বিষয়টি বলা হচ্ছে সেটি আমরা ভালোভাবে তদন্ত করে দেখছি।
হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার এক বিবৃতিতে বলেছেন, আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পরে এই পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, চাঁদাবাজি তো কমেই নাই বরং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে চাঁদাবাজরা হামলা করার সাহস দেখিয়েছে। কোনো রাজনৈতিক দল চাঁদাবাজদের পক্ষ নিলে তা জনতাকে অবহিত করুন। জনতাই সেই রাজনৈতিক দলকে প্রতিহত করবে।
