শাহবাগে ইনকিলাব মঞ্চ
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন
শাহবাগ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা অবস্থান নিলে শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাদি হত্যার বিচার দাবিতে এটি ইনকিলাব মঞ্চের তৃতীয় দফার অবরোধ।
অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের লড়াই শুরু করেছিলেন। যারা মনে করেছে হাদি বেঁচে থাকলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সীমান্তে আধিপত্য বজায় রাখা যাবে না, তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। দিল্লির তাঁবেদারি আর হাদি হত্যাকাণ্ড একই সূত্রে গাথা।
রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আল জাবের আরও বলেন, আপনাদের সঙ্গে কেউ বৈঠক করতে এলে তা অবশ্যই ওপেন হতে হবে। কোনো ধরনের গোপন বা ‘সিক্রেট’ বৈঠক মেনে নেওয়া হবে না। বিশেষ করে দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন সমঝোতা চলবে না। বাংলাদেশের তিন পাশে ভারতীয় আধিপত্যবাদ রয়েছে, আমরা তার বিরুদ্ধে সোচ্চার। এখন যদি আমেরিকাও এ দেশে আধিপত্য খাটাতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলব। সার্বভৌমত্ব কারও হাতে তুলে দেওয়া হবে না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঘোষণা দেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে খুনিদের বিচারের আওতায় আনতে না পারলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের একদফা আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি হাদির আত্মত্যাগকে পাথেয় করে সব প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
২৬ ডিসেম্বর থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে টানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এর আগে ২৯ ডিসেম্বর সংগঠনটি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে একটি অনলাইন প্রচার কর্মসূচিও পালন করেছিল। শুক্রবার অবরোধ চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
