এটা জঘন্যতম অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড: মুন্সী ফয়েজ আহমদ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভেনিজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে ‘জঘন্যতম অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ।
তিনি বলেন, একটা দেশের প্রেসিডেন্টকে আরেকটা দেশ (মার্কিন যুক্তরাষ্ট্র) সামরিক অভিযান চালিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া, এটা আন্তর্জাতিক আইনে একেবারে বড় অপরাধ। কিন্তু তারা আগে থেকেই তো ভেনিজুয়েলার বিরুদ্ধে বিভিন্ন রকম আক্রমণ করছিল। তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছে। সেগুলোও অপরাধের মধ্যে পড়ে। কিন্তু এখন যেটা করেছে, এটা তো জঘন্যতম অপরাধ। শনিবার যুগান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় মুন্সী ফয়েজ আহমদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাতে এ ধরনের সামরিক অভিযান চালিয়েছিল। তারা পৃথিবীব্যাপী এই জোর খাটিয়ে বেড়ায়। কিন্তু তাদের সত্যিকারের জোর কিন্তু এখন আর নেই। কারণ আসল জোর তো অর্থনৈতিক জোর। সেটা এখন আর আমেরিকার সেভাবে নেই। কিন্তু তারপরও তারা এগুলো করে বেড়াচ্ছে। কারণ তাদের অস্ত্রশস্ত্রের জোর আছে। সেটা তারা দেখিয়ে বেড়ায়। হুমকি দেয়। ভয় দেখায়। ফলে আমি মনে করি এটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।
মুন্সী ফয়েজ আহমদ আরও বলেন, এখন এ ঘটনার পরে কেউ কেউ হয়তো নিন্দা জানাবে। তবে এটাও আবার সবাই করবে না। কারণ অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে আছে।
