Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচন সুষ্ঠু হবে বলেই পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচন সুষ্ঠু হবে বলেই পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

রাজধানীর গুলশান কার্যালয়ে মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল -যুগান্তর

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচন, নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিগত কয়েকটা নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পাবে। এটা ধারণা করেই এবার একটা বড় সংখ্যার নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইইউর সমর্থনই ব্যক্ত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারকে অধিকতর সহযোগিতা করবে।

নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কী থাকবে-তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। আমরা নির্বাচন শেষ হওয়ার পরে দেশের উন্নয়নের বিষয়ে তাদের আরও সহযোগিতা চেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এ নির্বাচন দ্রুত করার দাবি মূলত বিএনপিরই ছিল। বিএনপি চায় নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ ও সুষ্ঠু যেন হয়। এ ব্যাপারে বিএনপির যে আগ্রহ তা পুনর্ব্যক্ত করা হয়েছে। আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেছেন. দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারেনি, ভোট দিতে পারেনি। তারা অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে ভোট দিতে পারবে। তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। আমরাও এর জন্য অপেক্ষা করছি। নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এজন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার তা নিয়েছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেছেন, আগামী দিনে ইইউ যেন আরও বেশি সহযোগিতা করে। বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে। যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। তারা (ইইউ) বলেছে, আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রাষ্ট্রদূত শ্রমিক অধিকারের ব্যাপারে কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, বাংলাদেশে শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে লেবার কোর্ট সংশোধন করেছে। শ্রম আইনের পরিবর্তন যে হয়েছে এবং শ্রমিকদের কল্যাণে যা কিছু হয়েছে, তা রক্ষার ব্যাপারে বিএনপি আগ্রহী।

সাক্ষাতের সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এর আগে গুলশান কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্গত বনানী থানার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ আসনে তিনি বিএনপির প্রার্থী। এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম