Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

উত্তরবঙ্গের জনসভায় জামায়াত আমির

কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে

এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের বয়কট করুন * এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শনিবার নির্বাচনি জনসভায় বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -যুগান্তর

Advertisement

ক্ষমতায় গেলে মেধা ও যোগ্যতা অনুযায়ী নারীর জন্য ঘরে-বাইরে সম্মানজনক জীবন-জীবিকার জায়গা নিশ্চিতের অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের মতো কঠিন সময়েও আল্লাহর রাসুল (সা.) নারীদের সম্পৃক্ত করে সম্মান দিয়েছেন। তাহলে হু আই অ্যাম, আমি কে তাদের কর্মক্ষেত্র থেকে বিরত রাখার?’

নারীর নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘মায়েদের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়েও বেশি। কোনো লম্পটের জায়গা এ দেশের মাটিতে হবে না। এ বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’

জামায়াত আমির উত্তরবঙ্গে তার নির্বাচনি সফরের দ্বিতীয় দিন শনিবার বগুড়ায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, নারী ঘরে থাকবেন সম্মানে ও নিরাপত্তায়। রাস্তায় বের হবেন সম্মানের সঙ্গে। নিরাপদ চলাচলের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কর্মস্থলেও নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। যাতে তারা নির্ভয়ে ও স্বস্তির সঙ্গে পুরুষের পাশাপাশি দেশগড়ার কাজে অবদান রাখতে পারেন।

জামায়াত আমির উত্তরবঙ্গে নির্বাচনি সফরের দ্বিতীয় দিন শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেসা স্কুল মাঠ, গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়ার শেরপুর উপজেলা, সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলা এবং পাবনায় বিভিন্ন নির্বাচনি জনসভায়ও বক্তৃতা করেন।

শনিবার রংপুরে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. শফিকুর রহমান দিনের কর্মসূচি শুরু করেন।

বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। জোট প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এসব জনসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে জনসভাগুলো উত্তাল জনসমুদ্রে পরিণত হয়।

জামায়াত আমিরের নির্বাচনি জনসভার সংবাদ সংগ্রহ করে পাঠিয়েছেন যুগান্তরের বগুড়া ব্যুরো চিফ নাজমুল হুদা নাসিম, সিরাজগঞ্জ প্রতিনিধি জেহাদুল ইসলাম, উল্লাপাড়া প্রতিনিধি গোলাম মোস্তফা, রংপুর ব্যুরো চিফ মাহবুব রহমান ও গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল।

বগুড়া : শনিবার দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ও শহর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান বলেন, আধিপত্যবাদমুক্ত, সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দিতে হবে। দেশ আজ গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে চাই। জাতিধর্মনির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচারব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের মানুষ ন্যায়বিচার পাবেন। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে আমরা মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেব।

বগুড়ার নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না। আমরা চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, বেকার যুবক দিশেহারা হবে না, মা-বোনরা নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ-সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের প্রার্থী দবিবুর রহমান, বগুড়া-৬ আসনের প্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনের প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাহিদ ফয়সাল, এনসিপির উত্তরাঞ্চলীয় সহ-মুখ্য সমন্বয়ক সাকিব মাহদী, এলডিপি বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট মোকলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হক, এবি পার্টির সদস্য সচিব এসএ জাহিদ সরকার, খেলাফত মজলিসের জেলা সভাপতি রাশেদুল হাসান, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ প্রমুখ।

এর আগে শনিবার সকালে ডা. শফিকুর রহমান গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে রওয়ানা হন। পথে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী মাওলানা শাহাদুজ্জামানের আহ্বানে শিবগঞ্জের মোকামতলা মহিলা কলেজ মাঠে এক পথসভায় বক্তব্য দেন। বগুড়ার জনসভায় তিনি সাতটি নির্বাচনি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। জামায়াত আমির বগুড়ার শেরপুরে বগুড়া-৫ আসনের প্রার্থী দবিবুর রহমানের পথসভায়ও বক্তব্য দেন।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করতে চাই। এখানে ইপিজেড করতে চাই। মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, গাইবান্ধা-৪ আসনের প্রার্থী ডা. আব্দুল রহিম সরকার, জেলা আমির ও গাইবান্ধা-২ আসনের প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-১ আসনের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান এবং গাইবান্ধা-৫ আসনের প্রার্থী আব্দুল ওয়ারেছ প্রধান।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের জনসভায় তিনি বলেন, যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতিবছর সর্বস্বান্ত হয়। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করব। যমুনার বাঁধ শক্তিশালী করব। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করব। সিরাজগঞ্জের দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে সারা দেশের চাহিদা পূরণ করার ব্যবস্থা করা হবে। তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জের দুঃখ-দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আল্লাহ যদি চান আমরা ক্ষমতায় গেলে অনিয়ম-দুর্নীতি, চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলব। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন। এবার নির্বাচনে আপনারা চাঁদাবাজদের বয়কট করুন।

ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের ভোটে জামায়াতসহ ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে-বাইরে কর্মস্থলে সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা নারী উন্নয়নে কাজ করব। মনে রাখবেন, যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন, তারাই নারীদের ক্ষতি করে থাকেন।

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ) আসনের ১০ দলীয় নির্বাচনি জোট ও খেলাফত মজলিসের প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত ১০ দলীয় প্রার্থী এসএম সাইফ মুস্তাফিজ।

জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ-সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা, জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

উল্লাপাড়া : উল্লাপাড়ার পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যেসব দল সরকার গঠন করেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। তারা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন কিংবা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা উপহার দিয়েছিলেন। বিগত একটি সরকারের সময়ে জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী ছিলেন। তাদের একজনের বিরুদ্ধেও কেউ কোনো দুর্নীতির অভিযোগ দিতে পারেনি।

জামায়াতের আমির আরও বলেন, সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও একজন মজলুম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করলে মাওলানা রফিকুল ইসলাম খান অবশ্যই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিত্ব পাবেন।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত : চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে তিনি এই শহীদের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবাসহ পরিবারের সদস্যরাও ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের সার্বিক খোঁজখবর নেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাঈদসহ সব শহীদের স্বপ্ন বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাইকে নিয়ে ন্যায়, ইনসাফ ও জবাবদিহির বাংলাদেশ গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম