অন্তর্ভুক্তিমূলক বাজেট করতে চায় বিএনপি
একক ব্যক্তি প্রতিষ্ঠান দিতে পারবে প্রস্তাব
Advertisement
|
ফলো করুন |
|
|---|---|
সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। এজন্য ব্যবসায়ী সমিতি ও অর্থনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, নারী, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও বাজেট আলোচনার প্রস্তুতি নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু তাই নয়, প্রথমবারের মতো এবারই ব্যক্তি শ্রেণির করদাতাদের কাছ থেকেও বাজেট প্রস্তাব চাওয়া হয়েছে।
এ বছর জাতীয় নির্বাচন থাকায় অন্য বছরের তুলনায় বাজেটের কাজ শুরু করতে কিছুটা দেরি করেছে এনবিআর। ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রস্তাব চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সারা দেশের ১৪৩টি ব্যবসায়ী সমিতি ও চেম্বারকে চিঠি দিয়েছে রাজস্ব আদায়কারী সংস্থাটি। এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন অর্থ, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, কৃষি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নির্ধারিত ফরমেটে প্রস্তাব দিতে বলা হয়েছে। তাছাড়া রীতি অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলো চেম্বার ও গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত টিম বৈঠক করবে। এ লক্ষ্যে বাজেট সমন্বয়ক টিম গঠন করেছে এনবিআর।
সূত্র জানায়, গত শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এনবিআরের বাজেট প্রণয়নে জড়িত কর্মকর্তারা দেখা করেন। তখন অর্থমন্ত্রী বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করতে উৎপাদন খাতের বাইরে সেবা খাত, বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে প্রস্তাব নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, জাতীয় ক্রীড়া সংস্থা, চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সশস্ত্র বাহিনীগুলোর আওতাধীন ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ড, ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, আর্চারি ফেডারেশন, তাঁত বোর্ড ও গায়ক-গায়িকা সমিতিসহ মোট ৩৫টি সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, প্রাক-বাজেট আলোচনার সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে মে মাসের মাঝামাঝি বাজেট প্রণয়নের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। এ সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করে অর্থ ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজেট চূড়ান্ত করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে বাজেট সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, নতুন সরকার সবার মতামতের ভিত্তিতে বাজেট করতে চায়। এজন্য প্রথমবারের মতো একক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। অতীতে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে থেকে বাজেট প্রস্তাব চাওয়া হয়নি। কেউ প্রস্তাব দিতে চাইলে সেটা দলগত বা সমিতির মাধ্যমে দিতে হতো।

