Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

তিন সদস্যের অন্তর্বর্তী ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন সদস্যের অন্তর্বর্তী ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

Advertisement

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের পর শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালনের জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন সদস্যের এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ) আলিরেজা আরাফি। তারা সাময়িকভাবে দেশের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক কর্তৃপক্ষ বা সংস্থা কাজ করে থাকে। এর মধ্যে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিষদের সদস্যদের প্রার্থিতা যাচাই-বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল। ইরানের শাসনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে এই অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এছাড়া একক কোনো নেতার পরিবর্তে রাষ্ট্র পরিচালনার জন্য তারা প্রয়োজনে একটি ‘নেতৃত্ব পরিষদ’ গঠনের ক্ষমতাও রাখে।

কাতারভিত্তিক আলজাজিরার বিশ্লেষক রসুল সরদার আতাশ জানিয়েছেন, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ সভা দুটি প্রধান দৃশ্যকল্প নিয়ে আলোচনা করছে :

প্রথমত, মৃত্যুর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই চারজন সম্ভাব্য উত্তরসূরির নাম দিয়ে গেছেন বলে জানা গেছে। বিশেষজ্ঞ সভা সেই তালিকা থেকে একজনকে বেছে নিতে পারে। দ্বিতীয়ত, কোনো একজন নির্দিষ্ট নেতাকে দ্রুত নির্বাচন করা সম্ভব না হলে, চার সদস্যের একটি বিশেষ কাউন্সিল গঠন করা হতে পারে, যারা স্থায়ী নেতা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চরম উত্তেজনার এই মুহূর্তে ইরান কর্তৃপক্ষ ক্ষমতার একটি নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল হস্তান্তর নিশ্চিত করতে চাচ্ছে। কয়েক মাস আগে থেকেই এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করেছিল তেহরান।

বিশেষজ্ঞদের মতে, খামেনির প্রয়াণ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন সবার নজর ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর দিকে, যারা ইরানের পরবর্তী ভাগ্যনির্ধারক নির্বাচন করবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম