Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় প্রধানমন্ত্রী

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকার পরামর্শ

তরুণ সংসদ-সদস্যদের সকাল নয়টার মধ্যে অফিসে যেতে হবে, ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকার পরামর্শ

সংসদ সচিবালয়ে বুধবার সরকারদলীয় সংসদ-সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি

Advertisement

মন্ত্রী এবং দলের সংসদ-সদস্যদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ কোনো মন্তব্য না করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। সভায় উপস্থিত একাধিক সংসদ-সদস্যও বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ-সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এসব পরামর্শ দেন তারেক রহমান। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশন-পূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক। বেলা সোয়া ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভা শেষ হয় দুপুর ১টায়। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার মঞ্চে প্রধানমন্ত্রীর একপাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং অন্যপাশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বসেন। সভায় বিএনপির ২০৯ জন সংসদ-সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ-সদস্যদের দিকনির্দেশনা দেন। সভায় বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গও তোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।’

প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। সামনে ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে।

সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। বিশেষ করে তরুণদের সকাল নয়টার মধ্যে অফিসে যেতে হবে। অফিসে যাওয়া-আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করেন।

এছাড়া দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। সংসদীয় দলের সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন শুরুর পর দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি হবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ বসবে। ওইদিন মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের পর ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।

ডেঙ্গু রোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর : ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এরইমধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।’ বুধবার দেশবাসীর প্রতি দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। পরে বার্তাটি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

তারেক রহমান বলেন, ‘সাধারণত বর্ষা মৌসুম, জুন থেকে অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখন ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই; বছরের যে কোনো সময় মানুষ আক্রান্ত হতে পারে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম