উদ্বেগজনক হারে বাড়ছে হামের রোগী
৩০ উপজেলায় টিকাদান শুরু আরও ১২ শিশুর মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি রোববার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
অত্যন্ত সংক্রমিত রোগ মিজেলস ভাইরাস (হাম) পরিস্থিতি এখনো উদ্বেগজনক। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ৯২৯ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভর্তি নিতে পারছে না রাজধানীর দুই হাসপাতাল। এমন পরিস্থিতিতে হামের প্রার্দুভাব মোকাবিলায় রোববার সকালে দেশের ১৮ জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ সময় হাম আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। প্রথম ধাপে প্রায় ১২ লাখ ৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। দেশব্যাপী সংক্রমণ অব্যাহত থাকায় ৩ মে থেকে সব জেলা-উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
হামের টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী হাম আক্রান্তদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু। এ বাস্তবতায় সরকার বর্তমানে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি দেশের সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। করোনাকালে অব্যয়িত ৬০৪ কোটি টাকা দিয়ে হামের ভ্যাকসিন কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
টিকাদান কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডব্লিউএইচও এবং ইউনিসেফের পরামর্শে আজ (রোববার) থেকে প্রথম ধাপে ১৮টি জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলো। ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। সবশেষে ৩ মে থেকে সারা দেশে একযোগে বড় পরিসরে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
অনুষ্ঠানে মন্ত্রী শিশুদের পুষ্টির বিষয়েও নির্দেশনা দেন। তিনি বলেন, টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে অসুস্থ শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা হিসাবে এই মুহূর্তে টিকা না দিয়ে কেবল ভিটামিন ‘এ’ প্রদান করা হচ্ছে। অতীতের সরকারগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে বর্তমানে হামের এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচ) প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। তবে সকাল ৯টায় কার্যক্রম শুরুর কথা থাকলেও কেন্দ্রে টিকা নিবন্ধনে বিলম্ব হওয়ায় বেলা ১১টায় কার্যক্রম শুরু হয়।
আরও ১২ শিশুর মৃত্যু : রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়-গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু এবং ১০ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। হামে নিশ্চিত মৃতদের একজন ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯২৯ জন হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৫৪ জনের উপসর্গ শনাক্ত এবং ৯৭৪ জন সন্দেহভাজন রোগী। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন। এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩ হাজার ৩৮০ জন রোগী।
শয্যা সংকটে দুই হাসাতালে ভর্তি বন্ধ : বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য হাসপাতালে গত কয়েকদিনে হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু শয্যা সংকটে সেখানে রোগী ভর্তি নিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের স্বজনরা বলছেন, অসুস্থ শিশুদের বিভিন্ন হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে হয়রান হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অন্যত্র যাওয়ার পরামর্শ দিলেও তারা সরছেন না। শয্যা না থাকলেও মেঝেতে থাকার শর্তেও হাসপাতালে থাকছেন তারা।
আজিমপুর মাতৃসদনে প্রসূতিদের সেবা দেওয়া হলেও অনেকটা বাধ্য হয়ে হাম আক্রান্ত রোগী রাখতে হচ্ছে। ছয়জন শিশুর জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। এর বাইরে কোনো রোগী নিচ্ছে না কর্তৃপক্ষ। অপরদিকে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে ৪৪টি শয্যা নিয়ে আলাদা দুটি ওয়ার্ড করলেও সেখানে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। এর বাইরে আর কোনো রোগী নিচ্ছেন না তারা। গত দুই দিনে প্রায় অর্ধশতাধিক রোগী আশপাশের হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়ার কথাও বলেছে কর্তৃপক্ষ। চিকিৎসক ভর্তির পরামর্শ দিলেও ভর্তি হতে না পেরে শিশুদের মায়েদের অনেককে আর্তনাদ করতে দেখা গেছে শিশু হাসপাতালে।
হাসপাতালের পরিচালক মো. মাহবুবুল হক বলেন, ‘এখানে নিচতলায় ২ নম্বর ওয়ার্ড পুরোটা হামের জন্য দিয়েছি। সেখানে ৫৪টি শয্যা আছে। শনিবার বিকাল পর্যন্ত ৬৪ রোগী ভর্তি আছে। আর কোনো রোগী নিচ্ছি না, ভর্তি নেওয়ার সুযোগও নেই।’
প্রত্যেক শিশুকে টিকার আওতায় আনা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী : রোববার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত। এ সময় তিনি বলেন, হাম দ্রুত শনাক্ত করে চিকিৎসা দিতে পারলে আতঙ্কের কিছু নেই। নতুন করে যেন হাম ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে টিকা দেওয়া হবে। টিকার সম্ভাব্য ঘাটতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ-সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ-সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
পাবনায় উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে : গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে হাম নিয়ে ২৫ নতুন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে ৪১ শিশু এবং ৬ জন বয়স্ক হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। শিশুদের চিকিৎসার জন্য মেঝেতেও শয্যা পাতা হয়েছে। এমন প্রেক্ষাপটে রোববার সকালে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সদর উপজেলার চরঘোষপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
ময়মনসিংহে টিকা পেয়ে অভিভাবকদের স্বস্তি : রোববার নগরীর চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ-সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। জেলার সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫০০ টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহমেদ শাফি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৯ নতুন শিশু ভর্তি হয়েছে।
রামেকে আরও দুই শিশুর মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র পেয়েছে ৩৬ জন। এখন হাম আইসোলেশন সেন্টারে ১২৫ জন রোগী ভর্তি আছে।
নওগাঁর পোরশায় ক্যাম্পেইন শুরু : হাম-রুবেলা টিকাদান উদ্বোধন উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় নওগাঁ জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তৃতা করেন-স্থানীয় সংসদ-সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, হাম আক্রান্তের হার বেশি হওয়ায় জেলার পোরশা উপজেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে।
মুন্সীগঞ্জে টিকাদান শুরু : মুন্সীগঞ্জে সকাল ৯টা থেকে জেলার একটি পৌরসভা ও ৩ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হয়।
চট্টগ্রামে আরও দুই শিশুর হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৭ : চট্টগ্রামে আরও দুই শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। যার মধ্যে নগরীর ৮ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৬ জন। রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে হামের উপসর্গ থাকা আরও ১৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনায় হামের টিকাদান শুরু: রোববার নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু হয়। উদ্বোধনী আয়োজন করা হয় বানিয়াজান গ্রামের একটি অস্থায়ী কেন্দ্রে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।
টিকার কোনো সংকট নেই-বিসিসি প্রশাসক : দেশে পর্যাপ্ত হামের টিকার মজুত রয়েছে। হাম-রুবেলা নিয়ে নিয়ে উদ্বিগ্ন না হয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে এমন আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর নগর মাতৃসদনে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
