সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের পক্ষে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ প্রস্তাব দেন। ১৭ সদস্যের কমিটির মধ্যে সাতজন বিএনপির, পাঁচজন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবং বাকি পাঁচজন অন্য দল ও স্বতন্ত্র সদস্য।
পাঁচজনের নাম প্রস্তাব করতে বিরোধী দলকে অনুরোধ জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিরোধী দল নাম দিলে বৃহস্পতিবার (আজ) সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হবে এবং এর মাধ্যমে জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের পথে আমরা এগিয়ে যাব। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাৎক্ষণিক নাম দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে সরকার ও তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাব নিয়ে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত পরে জানাবেন। এরপর আইনমন্ত্রী সংসদকে জানান, কমিটি গঠনের জন্য তারা আগামী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করবেন। বুধবার মধ্যাহ্ন বিরতির পর সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ফ্লোর দেন। এ সময় ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দেওয়ার আগে আইনমন্ত্রী একটি বিষয়ে কথা বলবেন। এজন্য তাকে আলাদা করে ২ মিনিট সময় দেবেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানের চর্চা চায়ের দোকান পর্যন্ত চলে। বিশেষ কমিটি গঠনের বিষয়ে ১২ জনের নামের তালিকা করেছি। সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। এ চর্চার অংশ হিসাবে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি সংসদে উপস্থাপন করেছি-আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই। এটা হবে-সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। রুল ২২৬ অনুসারে কমিটির বিষয়ে আমরা তালিকা করেছি। এ তালিকায় বিএনপি আছে, গণঅধিকার পরিষদ, গণসংহতি ও বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ-সদস্যদেরও রাখা হয়েছে।
কমিটিতে বিরোধী দলের সদস্যের আনুপাতিক হারের কথা তুলে ধরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, শতাংশ হিসাবে করতে গেলে বিরোধী দলের ২৬ শতাংশ আসে। তাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি। আমরা ১২ জনের তালিকা করেছি। ১২ জনের মধ্যে বিএনপির সাতজন এবং অন্য দলের পাঁচজনকে দেওয়া হয়েছে।
এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমার সঙ্গে চিফ হুইপ কথা বলেছেন। তাকে বলেছি-এখন নামের তালিকা দিতে পারব না। আমরা নিলাম, শুনলাম। কিন্তু পরে জানাব। বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের এটাতে কোনো অসুবিধা নেই। আমরা অপেক্ষা করব।
