Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

আসলামের কলাম

পারফরম্যান্সেই জবাব দিতে হবে রোনাল্ডোকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পারফরম্যান্সেই জবাব দিতে হবে রোনাল্ডোকে

Advertisement

বিশ্বকাপ এক সুবিশাল ও সুনীল আকাশ। অগুনতি তারা জ্বলে, তারা নেভে। কারও কারও সৌভাগ্য হয় চাঁদ হওয়ার। কিংবা ধ্রুবতারা। এবার কাকে সেই ভূমিকায় শেষতক দেখতে পাব, সেজন্য অপেক্ষা করতে হবে। সব বিষয়ের পরীক্ষার পর শেষ প্রশ্নপত্র বিলি করা হবে ১৯ জুলাই। দেখা যাক, কী ফল হয়। এই মুহূর্তে এটুকু বলার মধ্যে কোনো ঝুঁকি নেই যে, এই বিশ্বকাপ ইতোমধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্স দেখেছে। দেখেছে কোনো কোনো তারকাকে আলো ছড়াতেও।

আমি একজন স্ট্রাইকার ছিলাম। জানি, গোল করার কী আনন্দ। তাই দেখে ভালো লাগছে, ফরোয়ার্ডরা গোল পাচ্ছেন। যার সূচনা হয়, লিওনেল মেসির হ্যাটট্রিক দিয়ে। এরপর আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো গোলের রাস্তা চেনা ফরোয়ার্ডরাও জাল খুঁজে পেতে সফল। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে মোহামেদ সালাহর গোল ও অ্যাসিস্ট চোখ জুড়াল। সাবেক লিভারপুল তারকা সালাহর সহায়তায় ৯২ বছর পর মিসর প্রথম জয় পেল বিশ্বকাপে। তার সম্পর্কে কী বলব, সালাহ একজন দারুণ খেলোয়াড়। বর্ণাঢ্য ক্যারিয়ার তার। আক্রমণভাগের মানসম্পন্ন কাণ্ডারি। বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে জানান দিল, সালাহ ফুরিয়ে যায়নি।

আরেক প্রতিভাবান টিনএজার লামিনে ইয়ামালকেও গোল করতে দেখে ভালো লাগল। সে একজন চমৎকার খেলোয়াড়। ওর পায়ে বল গেলে প্রতিপক্ষ তটস্থ থাকে। এমবাপ্পেও খুবই উঁচুমানের ফরোয়ার্ড। বিশ্বকাপ এমন এক মঞ্চ, যেখানে ওদের মতো প্রতিভার পসরা বসে। সোজা বাংলায় বলতে পারি, চাঁদের হাট।

এখন দেখার পালা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কীভাবে সমালোচকদের মুখ বন্ধ করেন। ডিআর কঙ্গোর সঙ্গে পর্তুগালের প্রথম ম্যাচে রোনাল্ডোর নিষ্প্রভতা প্রশ্ন তুলে দিয়েছে ৯০ মিনিট তার খেলার সামর্থ্য নিয়ে। জবাবটা তাকেই দিতে হবে পারফরম্যান্স দিয়ে। আমার ধারণা, রোনাল্ডো স্বরূপে ফিরবেন আজ। রাতেই উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম