নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় নজরুল
ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠি বৃহস্পতিবার স্পিকার ও সিইসির কাছে পাঠানো হয়। এতে দল থেকে তাকে বহিষ্কারের বিষয়টিও জানানো হয়েছে। দুই চিঠির ভাষা একই।
এদিকে জামায়াতের চিঠির পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে জাতীয় সংসদের স্পিকার এ বিষয়ে চিঠি দিলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
নিজ কার্যালয়ে বৃহস্পতিবার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ‘দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ থাকা-না-থাকার আলোচনাটা বিতর্কিত বিষয়। স্পিকার আমাদের কাছে রেফার (নির্দেশ) করলে ডিসপিউট (বিতর্ক) নিয়ে পর্যালোচনা ও শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ সময় তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ-সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকারের রেফারেন্সের কথা তুলে ধরেন।
ইসি মাছউদ বলেন, দল বহিষ্কার করলে ইসির কিছু করার সুযোগ নেই। তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে সংসদ-সদস্য পদ শূন্য হয়। জাতীয় সংসদের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পাওয়া গেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
স্পিকার ও ইসিকে দেওয়া জামায়াতের চিঠিতে বলা হয়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের ‘নৈতিক স্থলন’ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
সংবিধান অনুযায়ী, দল থেকে পদত্যাগ ও দলের বিরুদ্ধে সংসদে ভোট দিলে সংসদ-সদস্য পদ বাতিল হবে। দল বহিষ্কার করলেই সংসদ-সদস্য পদ বাতিল হবে এমনটা বলা নেই।
আরেক ভিডিওতে তরুণীর সঙ্গে গাজী নজরুল
জামায়াত নেতা গাজী নজরুলকে আরেকটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে দেখা গেছে। তবে এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী কি-না তা নিশ্চত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে তাকে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। এতে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।
নতুন ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল প্রথমে হোটেলে প্রবেশ করে কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর এক তরুণ হোটেলে প্রবেশ করে তার পাশে এসে দাঁড়ান। পরে কাউন্টারে থাকা ব্যক্তির ইশারায় তারা দুজন একটি কক্ষের দিকে এগিয়ে যান। কক্ষের বাইরে অবস্থানকালে তাদের কিছু মুহূর্তও সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
এর আগে এক তরুণীকে নিয়ে গাজী নজরুলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে বুধবার দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
শ্যামনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ
গাজী নজরুলের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ কেন্দ্র করে শ্যামনগরে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচি থেকে তার সংসদ-সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। বৃহস্পতিবার সকালে শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গাজী নজরুলের সংসদ-সদস্য পদ বাতিলের দাবি জানান। তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ জনগণ প্রত্যাশা করে না। এ ঘটনায় শ্যামনগরসহ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া শ্যামনগর উপজেলার কাশীমাড়ী এলাকায় কাশীমাড়ীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও ঝাড়ু দেখা যায়।
