রাষ্ট্রপতি নির্বাচন
ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। জাতীয় সংসদের চিফ হুইফ নূরুল ইসলাম মনি শুক্রবার যুগান্তরকে এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে অধিবেশনটি কবে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করবেন। যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জামায়াতের নির্বাহীতে আজ আলোচনা : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ। বিরোধী দল দেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদে কাউকে মনোনয়ন দিবে কিনা তা জামায়াত বা ১১ দলীয় ঐক্য এখন পর্যন্ত স্পষ্ট করেনি। তবে আজকের বৈঠকে আলোচনা হবে। পরে আবার ১১ দলের বৈঠকে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্য লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. হামিদুর রহমান আযাদ শুক্রবার রাতে যুগান্তরকে জানান, দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আজ নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিয়মিত সাংগঠনিক ও রাজনৈতিক এজেন্ডার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলোচনা হবে। পরে ১১ দলের মিটিংয়েও বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে দুটি বৈঠকের কথা বলেছি তার পরেই জানতে পারবেন।
