Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরেই এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নিয়মিত অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা দেয় বলে তিনি মন্তব্য করেন। এ সময় তারেক রহমান বলেন, দেশে গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি বলে আমরা অত্যন্ত আনন্দিত। ১২ ফেরুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারা সুগম করতে পেরেছি। তিনি আরও বলেন, আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করে আইপিইউর সেক্রেটারি আন্দা ফিলিপ আরও বলেন, এ ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অংশ নেবেন। তার এ অংশগ্রহণের মাধ্যমে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়নের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ-সদস্যদের সঙ্গে নিজের বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী। বিএনপির নির্বাচনি ইশতেহার পড়েছেন জানিয়ে তিনি বলেন, ইশতেহারে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচি খুবই প্রশংসনীয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম