Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

চাঁদা দিতে অস্বীকৃতি

সেলুনে কাটছিলেন চুল, হঠাৎ গুলি চাপাতির কোপ

হামলা চালায় কিশোর গ্যাং অ্যালেক্স গ্রুপ * পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড * পুলিশ বলছে, ভুক্তভোগী নিজেও কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্য

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেলুনে কাটছিলেন চুল, হঠাৎ গুলি চাপাতির কোপ

ঢাকার কেরানীগঞ্জে মঙ্গলবার মাছ ব্যবসায়ী ফরহাদ হোসেনকে (ইনসেটে) কোপাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ভিডিও থেকে নেওয়া

Advertisement

কেরানীগঞ্জে সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ হোসেন (২৫) নামের মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্বজনদের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা ও চাঁদা দাবি কেন্দ্র করে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আরশীনগর এলাকার একটি সেলুনে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ভোলার দুলারহাট উপজেলার নূরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশীনগরের মেম্বার গলি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, দুপুরে বাসার কাছের একটি সেলুনে চুল কাটাতে যান ফরহাদ। এ সময় ‘অ্যালেক্স গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১৫ জন সদস্য সেলুনে ঢুকে তার ওপর হামলা চালায়। সাব্বির ও আরমানের নেতৃত্বে হামলাকারীরা ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ফরহাদ নিজেও কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্য। মোহাম্মদপুরের বোটঘাট ও ময়ূরভিলা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেলুনে ঢোকার আগেই প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে সেলুনের ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে একজন। হঠাৎ সেলুনে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়। গুলির ভয়ে সেলুনের ভেতরে থাকা অন্য ব্যক্তিরা দৌড়ে বাইরে বের হয়ে আসেন। এরপর বাকি দুজন কোমর থেকে ধারালো চাপাতি বের করে সেলুনের ভেতরে ঢুকে পড়ে। ফরহাদ লুঙ্গি পরা অবস্থায় খালি গায়ে সেলুনের বাইরে বের হয়ে পালানোর চেষ্টা করেন। তবে পেছন থেকে একজন তার লুঙ্গি টেনে ধরে রাখায় তিনি পালাতে পারেননি। এ সময় আরেকজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।

নিহত ফরহাদের বন্ধু আরিফের অভিযোগ, ফরহাদ কেরানীগঞ্জের মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে অ্যালেক্স গ্রুপের আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তার কাছে ৫০ হাজার টাকা এককালীন চাঁদা দাবি করে আসছিল। একই সঙ্গে প্রতিদিনের জন্য আলাদা চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হতো।

পরিবারের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি ও ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ওই গ্যাংয়ের সঙ্গে ফরহাদের বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই পরিকল্পিতভাবে সেলুনে ঢুকে তাকে হত্যা করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।’ এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম