রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বঙ্গভবনে মঙ্গলবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ। এ সময় তারা জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বেলা ৩টার দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি আন্তরিক অভিনন্দন জানান। ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, এ সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেওয়াজ অনুযায়ী-বিদেশ সফরের পর সফরের বিষয়বস্তু সম্পর্কে জানাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে থাকেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন। তিনি সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
