Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাজারে এলপিজির ‘কৃত্রিম সংকট’

পালটাপালটি দোষারোপ অপারেটর ডিলারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পালটাপালটি দোষারোপ অপারেটর ডিলারের

ফাইল ছবি

Advertisement

দেশে এলপিজির পর্যাপ্ত মজুত থাকলেও বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। যার খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তা। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডারপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। ডিলারদের অভিযোগ, ৪ অক্টোবর নতুন দাম ঘোষণার আগে এলপিজি অপারেটররা সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে ‘কৃত্রিম সংকট’ তৈরি করেছেন। অনেকে প্ল্যান্টও বন্ধ রেখেছেন। তবে অপারেটররা এই অভিযোগ অস্বীকার করে ডিলারদের মজুতদারিকে দুষছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, দেশে পর্যাপ্ত এলপিজি আমদানি হয়েছে; সংকটের কোনো যৌক্তিক কারণ নেই। পরিস্থিতি সামাল দিতে এবং নেপথ্যের চক্রকে ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থাগুলো।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববাজারে এলপিজির দাম ও জাহাজ ভাড়া বাড়তির দিকে। বেশি দামের আশায় অপারেটর ও ডিলারদের একাংশ এলপিজি বাজারে ছাড়ছে না। এ কারণে দাম বেড়েছে। বাজারে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ টাকার কমে মিলছে না। অথচ বিইআরসির নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, বাজারে এলপিজির সংকট থাকার কোনো কারণ নেই। আগস্টে ১ লাখ ৫৭ হাজার টন এবং সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। এই আমদানি দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।

জানা যায়, দেশে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টন এলপিজির চাহিদা রয়েছে। মূলত ১০টি কোম্পানি এলপিজি আমদানি করে এই চাহিদা মেটায়। এছাড়া বোতলজাত ও বাজারজাতকরণের সঙ্গে আরও ২৯টি কোম্পানি যুক্ত রয়েছে। পর্যাপ্ত মজুত থাকার পরও

বাজারে গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এলপিজির ডিলার ও পরিবেশকদের অভিযোগ, অপারেটররা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছেন না। বাংলাদেশ এলপি গ্যাস সমবায় সমিতির কোষাধ্যক্ষ ও তেজগাঁওয়ের তাহের এন্টারপ্রাইজের মালিক আবু তাহের কোরাইশী যুগান্তরকে বলেন, মূলত অপারেটরদের কারণেই বাজারে এলপিজির সংকট। এক সপ্তাহের বেশি ওমেরার আশুগঞ্জ প্ল্যান্ট থেকে কোনো এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। শুধু ওমেরা নয়, লাফস ও বিএম এনার্জিও সরবরাহ কমিয়ে দিয়েছে। প্ল্যান্টে গিয়ে দিনের পর দিন গাড়ি বসে থাকায় খরচ বাড়ছে। সেই খরচ তুলতে গ্যাসের দাম বেশি নিলে ভোক্তা অধিকার জরিমানা করছে।

তেজগাঁও এলাকার ফ্রেশ এলপিজির পরিবেশক জুয়েল অ্যান্ড ব্রাদার্সের মালিক জুয়েল মন্ডল বলেন, ফ্রেশ এলপিজি বারবার তাগাদা দেওয়ার পর ৭ দিনে মাত্র এক গাড়ি (১১০টি সিলিন্ডার) সরবরাহ করছে। এর আগে প্ল্যান্টে গাড়ি পাঠালে ৩ থেকে ৪ দিন বসিয়ে রাখা হতো। এভাবে কি চাহিদা মেটানো সম্ভব। কাওরান বাজারের আহমেদ এন্টারপ্রাইজের পরিচালক মনিরুজ্জামান বলেন, পেট্রোম্যাক্স ও বিএম এনার্জি নিয়মিত এলপিজি সরবরাহ করছে না। সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে এই সংকট তৈরি হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এলপিজি অপারেটররা। ওমেরা পেট্রোলিয়ামের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, শ্রমিক সমস্যার কারণে শুধু চট্টগ্রামের টোটালের প্ল্যান্টটি বন্ধ আছে। এছাড়া ওমেরার অন্য কোনো প্ল্যান্ট বন্ধ নেই। ডিলারদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা হচ্ছে। কেউ প্ল্যান্ট বন্ধ থাকার গুজব ছড়ালে সেটি ওমেরার সুনাম নষ্ট করার অপচেষ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও একাধিক ডিলার জানান, কিছু ডিলার হয়তো সামান্য সিলিন্ডার মজুত করেছেন, তবে বেশির ভাগ অপারেটর কয়েকদিন সরবরাহ কমিয়ে দিয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে।

এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বিইআরসির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বা মজুত করা আইনত অপরাধ। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

২৮ সেপ্টেম্বর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুগান্তরকে বলেন, বাজারে এলপিজি সংকটের পেছনে একটি চক্র জড়িত। এটি ডিলার বা অন্য কেউ হতে পারে; সরকার বিষয়টি তদন্ত করে দেখছে। একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি সরকারের শীর্ষ পর্যায় থেকে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তদন্তে নেমেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ বিইআরসির

সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ বিইআরসির

কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত: বিইআরসি চেয়ারম্যান

কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত: বিইআরসি চেয়ারম্যান

এলপি গ্যাসের দাম কমল

এলপি গ্যাসের দাম কমল

ফার্নেস তেলের দাম কমাল বিইআরসি

ফার্নেস তেলের দাম কমাল বিইআরসি

জেট ফুয়েলের দাম কমল

জেট ফুয়েলের দাম কমল

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

আরও পড়ুন

আরও হার্ডলাইনে বিএনপি

আরও হার্ডলাইনে বিএনপি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ভাঙচুর দখলচেষ্টা সংসদ-সদস্য পদও গেল মিষ্টির

সংসদ-সদস্য পদও গেল মিষ্টির

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

কানাডায় নূর ইসলাম পরিবারের সন্দেহজনক লেনদেন

কানাডায় নূর ইসলাম পরিবারের সন্দেহজনক লেনদেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম