Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

যমুনা টিভির সাংবাদিককে মারধর

তুই ফ্যাসিস্ট, গায়েব করার হুমকি উপপুলিশ কমিশনারের

তদন্তের নির্দেশ সিএমপি কমিশনারের

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তুই ফ্যাসিস্ট, গায়েব করার হুমকি উপপুলিশ কমিশনারের

Advertisement

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার যোবায়েদ ইবনে শাহাদাত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) উত্তর জোনের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম থানার ফ্লোরে ফেলে যোবায়েদকে মারধর ও কিলঘুসি মারার একপর্যায়ে তাকে গায়েব করে ফেলার হুমকি দেন। এদিকে এ হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

চট্টগ্রাম সার্কিট হাউজে সিএমপি কমিশনার বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসিব আজিজ বলেন, ‘আমি সিইসির সঙ্গে মিটিংয়ে ছিলাম। এ সময় ডিসি উত্তর আমাকে কল দিয়েছিলেন। কিন্তু আমি কল রিসিভ করতে পারিনি। পরে আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি ঘটনার তদন্ত করবেন। পাশাপাশি আমাকে জানাবেন।’

এদিকে এ হামলার প্রতিবাদে বিকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি রিপোর্টার্স নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন খুলশী থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে বক্তারা হামলাকারী পুলিশ কর্মকর্তাকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এতে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের হোসাইন জিয়াদ। এছাড়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারি রুনা, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, যমুনা টিভির ব্যুরো প্রধান জামসেদ রেহমান চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।

যোবায়েদ যুগান্তরকে জানান, তার একটি মানিব্যাগ হারানো গেছে। এর জন্য জিডি করতে তিনি থানায় গিয়েছিলেন। এছাড়া শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জয়বাংলা ও শেখ হাসিনা স্লোগান দেওয়ার জেরে সংঘর্ষ ও গুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। সেই খবরের ফলোআপের জন্যও তিনি সেখানে যান। সংঘর্ষস্থল থেকে আটক কয়েকজনের সঙ্গে কথা বলার সময় যোবায়েদকে তুই তোকাড়ি করেন সেখানে উপস্থিত ডিসি আমিরুল ইসলাম। তুই কে, কেন তাদের সঙ্গে কথা বলছিস এমন প্রশ্ন করেই তিনি যোবায়েদের দুই গালে থাপ্পর দেন। যোবায়েদ যখন বলেন, আপনি আমাকে মরাতে পারেন? কেন মারছেন? তখন ডিসি আমিরুল বলেন, তুই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টরা শয়তান। আমি শয়তানকে মারছি। আবারও মারধরের প্রতিবাদ করায় যোবায়েদকে হুঙ্কার দিয়ে আমিরুল বলেন, একেবারে গায়েব করে ফেলব। এরপর তাকে থানা কম্পাউন্ডের সামনে একটি কক্ষে ঢুকিয়ে ফ্লোরে ফেলে মারধর করা হয়। এ সময় থানার ওসি শাহীনূর আলমসহ দুজন পুলিশ কর্মকর্তা ডিসির হাত থেকে যোবায়েদকে রক্ষার আপ্রাণ চেষ্টা করেন। কেন যোবায়েদের ওপর হামলা করা হলো সেই প্রশ্নের কোনো জবাব দেননি ডিসি আমিরুল।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসের (চট্টগ্রাম সেন্টার) স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাতের ওপর সিএমপি (উত্তর) ডিসি আমিরুল ইসলামের নগ্ন হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। সেইসঙ্গে তারা এ হামলার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম