ঢাকা-দিল্লির উত্তেজনা কমানো জরুরি: রাশিয়ার রাষ্ট্রদূত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানো জরুরি বলে জানিয়েছেন। চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে, সেজন্য উভয়পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।
ঢাকার রাশিয়ান দূতাবাসে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা, বাণিজ্য ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। উঠে আসে রোহিঙ্গা সমস্যার বিষয়টিও।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কেন সুফল বয়ে আনবে না। তবে রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে, ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে রাশিয়ায় সরাসরি ফ্লাইটের বিষয়ে আলোচনা চলছে বলে জানান। তবে এ বিষয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
