Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন মৃত্যু ১

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন মৃত্যু ১

আগুনে জ্বলছে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’। শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে -যুগান্তর

Advertisement

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা সেন্টমার্টিনগামী ‘দি আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের কর্মচারী নূর কামাল নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটিতে সেন্টমার্টিনগামী পর্যটক পরিবহণের প্রস্তুতি চলছিল। যাত্রীরা জাহাজে ওঠার আগেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দুটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জাহাজের স্টাফ নিহত নূর কামাল আগুন লাগার সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। তার বাড়ি টেকনাফ উপজেলায়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, লাশটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আশঙ্কাও খতিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। তবে যাত্রার প্রস্তুতি চলাকালীন এ ধরনের ঘটনা পর্যটকদের জন্য আশঙ্কার কারণ হতে পারে।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এই জাহাজে সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। তাদের বোর্ডিং শুরুর আগেই আগুন লাগে। যাত্রীদের নিরাপদভাবে অন্য জাহাজে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আজ নির্ধারিত রুট অনুযায়ী যাত্রা করবেন।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জাহাজে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস পর্যটক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা গ্রহণ করেছে। জাহাজগুলোয় নিরাপত্তা মান পরীক্ষা, নিয়মিত তদারকি এবং যাত্রীদের জন্য জরুরি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম