Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

জামায়াত-আমেরিকা ‘আঁতাত’ দেশের জন্য অশনিসংকেত: মির্জা ফখরুল

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জামায়াত-আমেরিকা ‘আঁতাত’ দেশের জন্য অশনিসংকেত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে নির্বাচনি গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -যুগান্তর

Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমেরিকার ‘গোপন আঁতাত’ দেশের সার্বভৌমত্বের জন্য চরম অশনিসংকেত। শনিবার ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন। 

ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল আরও বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে দেশের বিশিষ্ট দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এ আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা বাংলাদেশের ক্ষতি করবে। তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা ব্যাখ্যা চাই-খবরটি কতটুকু সত্য এবং এটার ব্যাখ্যা কী। 

এদিকে, নির্বাচনি আবহে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচনে চেনা প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ নেই। লড়াইটা এখন জামায়াতের ‘দাঁড়িপাল্লা’র সঙ্গে। অতীতে এ জামায়াতের অত্যাচারে মানুষকে ঘর ছাড়তে হয়েছিল। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের সঙ্গে আমেরিকার দহরম-মহরম দেশের জন্য মোটেই শুভ নয়। তিনি বলেন, আমরা ভারত নই, পাকিস্তানও নই, আমরা বাংলাদেশি। তবে কেন ঘরের রাজনীতিতে ভিনদেশি মাতবরি

সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের ওপর যারা গুলি চালিয়েছিল এবং অত্যাচার-নির্যাতন করেছিল, তারা এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন। জনগণের উদ্দেশে তিনি বলেন, ঝাঁটিভাঙা বা শুখানপুকুরির সেই স্মৃতিসৌধের কথা কি ভুলে গেছেন সেখানে যাদের নাম খোদাই করা আছে, তাদের যারা গুলি করে মেরেছিল, ওরাই কিন্তু এখন এই দলটাতে আছে। 

মির্জা ফখরুল বলেন, নৌকা প্রতীক এবার নির্বাচনে নেই। এখন মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের একজনকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লার প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, ওদের আমরা খুব একটা চিনি না। এখানে যে দাঁড়িয়েছে, সে বাচ্চা ছেলে। এমপি হতে গেলে অভিজ্ঞ ও ওজনদার হতে হয়। তার আরও অনেক পথ চলা বাকি। 

গণসংযোগকালে বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে সাহস জুগিয়ে মির্জা ফখরুল বলেন, ভয় পাবেন না। আমরা সবাই একই দেশের সন্তান। বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। আপনাদের নিরাপত্তার পূর্ণ দায়ভার আমাদের। হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা এক বৃন্তের দুটি ফুলের মতো। এখানে মসজিদ-মন্দির সব আছে, কেউ কারও সমস্যা করে না। কিছু লোক মাঝে মাঝে সমস্যা তৈরির চেষ্টা করে, তখন আপনারা ভয় পাবেন না। ভয় পেলেই শেষ।

সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এ মাধ্যমে চাল-ডালসহ নিত্যপণ্যের সংস্থান হবে। জনতাকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ দেশটা কারও পৈতৃক সম্পত্তি নয়, এ দেশ সবার। আমরা আপনাদের পরীক্ষিত মানুষ, আমাদের ওপর বিশ্বাস রাখুন।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম