Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

কারাগার থেকে ভোট দেবেন সাবেক এমপি-মন্ত্রীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কারাগার থেকে ভোট দেবেন সাবেক এমপি-মন্ত্রীরা

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা। কারা হেফাজতে থাকা এসব নেতারা পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোটার অধিকার প্রয়োগ করতে ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। এছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতা, সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক সচিব ও সাবেক পুলিশ কমিশনার কারা হেফাজত থেকে ভোটার অধিকার প্রয়োগ করবেন। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাদের ভোটগ্রহণ। কারা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে দেশের সব কারাগার থেকে রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ২৪০ জন আসামি। এর মধ্যে ৩০০ জন জামিনে মুক্ত হয়েছেন। বাকি ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোট দেবেন। এর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ১৪ জন সাবেক এমপি-মন্ত্রী ভোট দিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন।

সূত্রে জানা গেছে, ভোটের রেজিস্ট্রেশন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ-সদস্য শাহ আলম, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, ঝালকাঠি-১ আসনের শাহজাহান ওমর, খুলনা-৪ আসনের সালাম মুরশিদ, ঢাকা-১৩ আসনের সাদেক খান, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা, চট্টগ্রাম-১৫ আসনের আবু রেজা নাজিমউদ্দিন, ঝিনাইদহ-৩ আসনের নবী নেওয়াজ, সিরাজগঞ্জ-৩ আসনের ডা. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ-সদস্য চয়ন ইসলাম। একই সঙ্গে পোস্টাল অ্যাপে ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

সরকারি উচ্চপদে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের মধ্যে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান আসন্ন নির্বাচনে কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ গণমাধ্যমকে বলেন, ‘বন্দিদের ভোট দেওয়ার জন্য পোস্টাল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। সেই অ্যাপের মাধ্যমে বন্দিদের ভোটার আইডির তথ্য নিয়ে রেজিস্ট্রেশন করেছি। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ভোট চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর এসব ভোট নিয়ম অনুযায়ী ইসির কাছে পাঠানো হবে। তিনি বলেন, সারা দেশের কারাগার থেকে ৫ হাজারের বেশি বন্দি ভোট দেবেন। এর মধ্যে কেরানীগঞ্জে ভোটার সবচেয়ে বেশি ৯৯০ জন। জান্নাত-উল-ফরহাদ বলেন, ভোটের দিন কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওইদিন সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

পোস্টাল অ্যাপে যেভাবে ভোট দেবেন বন্দিরা : কারা অধিদপ্তর জানায়, বন্দিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগৃহীত আছে কারাগারে। পোস্টাল অ্যাপের মাধ্যমে বন্দিদের রেজিস্ট্রেশন করা হয়েছে। ভোটর দিন সে অনুযায়ী নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এলাকার ভোটারদের জন্য পৃথকভাবে খাম পাঠাবে। সেখানে তিনটা খাম, নিয়মাবলি, সই করার জন্য একটি জায়গা ও ব্যালট পেপার থাকবে। এরপর সংশ্লিষ্ট বন্দি ওই ব্যালটে ভোট দিয়ে খামটি লাগিয়ে দেবেন। ব্যালটের খাম ও সইয়ের কপি আরেকটি খামে ঢুকাবেন। খামটি পোস্ট অফিসে পাঠিয়ে দেবে কারা কর্তৃপক্ষ। পোস্ট অফিস এক্সপ্রেস সিস্টেমে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশনে। এরপর ইসি এই ভোটগুলোর বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় জানিয়ে দেবে। এছাড়া যেসব কারা কর্মকর্তা ভোটের দিন ডিউটি পালন করবেন, তারাও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম