শান্তিপূর্ণভাবে ভোট দেন সব শ্রেণি-পেশার মানুষ
উৎসবমুখর ভোটে বিচ্ছিন্ন সহিংসতা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবলয় এবং সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোট দেন সব শ্রেণি-পেশার মানুষ। তবে ভোটের মাঠে সংঘাত-সংঘর্ষ, পালটাপালটি ধাওয়া, জাল ভোট দেওয়ার চেষ্টা এবং ব্যালট পেপার ছিনতাইয়ের মতো বিচ্ছিন্ন কিছু সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। এসব সংঘর্ষে বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১১৫ জনের আহত হওয়ার খবর জানিয়েছেন যুগান্তর প্রতিনিধি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো। এসব ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নির্বাচনি বিশৃঙ্খলায় যুক্তদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। ২৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করেছে।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক এবং জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর প্রতিটি ভোটকেন্দ্রে বাড়তি নজর রেখেছিলেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজনদের নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের আওতায়। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানীর ডেমরায় মো. ইব্রাহিম নামে এক ভোটারকে আটক করে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইবাগ ডেমরা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। পরে সেনাবাহিনী তাকে থানাপুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন।
এছাড়াও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে এক ‘অবৈধ অনুপ্রবেশকারীকে’ আটক করা হয়। বুধবার রাতে সন্দেহজনকভাবে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে প্রথমে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটকেন্দ্রের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। এছাড়াও জেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন।
ফেনী : ফেনী সদর আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেন বিএনপি কর্মীরা। দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এতে মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আব্দুর রহিমকে হামলা করে আহত এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়াও ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। হামলায় রেজাউল করিম নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হন।
মেহেরপুর : মেহেরপুর-২ ও মেহেরপুর-১ আসনে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে জামায়াতের ১৬ এবং বিএনপির ১ জন কর্মী আহত হন। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এ ঘটনায় বিএনপির কর্মীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে।
শেরপুর : শেরপুর সদর উপজেলায় ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নোয়াখালী : নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এছাড়াও হাতিয়ায় ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলায় ভোট চলাকালে কেন্দ্রে ককটেল নিক্ষেপ করে দুর্বত্তরা। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুজন আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-৩ আসনের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে মাঠে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া চরডুমুরিয়া বাজার কেন্দ্রে একাধিক নারী ভোটারকে মারধর করেন ধানের শীষ প্রতীকের সমর্থকরা। এতে চরাঞ্চলের কেন্দ্রগুলোর ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি শান্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পর ৬ জনকে আটক করে সেনাবাহিনী। এছাড়া ভোলা-১ আসনেও কেন্দ্রে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এমরান নামে এক জামায়াত কর্মীকে আটক করে।
চট্টগ্রাম : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমবাতি প্রতীকের অন্তত ৬ জন সমর্থক আহত হন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া সদরের লস্করপুর ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল জব্বার চান্দু ও তরিকুল ইসলাম আলো।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কেন্দ্রে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
মাদারীপুর : মাদারীপুরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতের এই সংঘর্ষে উভয় দলের অন্তত ৮ জন আহত হন। বাগেরহাট-৪ আসনের শরণখোলার সোনাতলায়ও বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটে। এতে উভয় দলের ১৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাঙামাটি : রাঙামাটির কাউখালীতে ভোট চলাকালে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুরের দিকে উপজেলার খাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে জেলায় বিভিন্ন কেন্দ্র থেকে ১২ জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে পালটাপালটি ধাওয়া হয়েছে। উপজেলার মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, জাল ভোট, পালটাপালটি ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় সংসদ নির্বাচন ও গণভোট। এ সময় পৃথক ঘটনায় নারীসহ অন্তত ১২ জন আহত হন। এছাড়াও ভোটকেন্দ্র রেখে বুধবার রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক হন সহকারী প্রিসাইডিং অফিসার এমএ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। তারা লক্ষ্মীপুর-৩ আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের দুই নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে জাল ভোট ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্কুলছাত্র এবং বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। তারা কেন্দ্রের ভেতরে গিয়ে ভোটারের কাছে ভোট প্রার্থনা করছিলেন। এদিকে কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন।
শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় একটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টায় লাইনে দাঁড়ালে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফরিদপুর : ফরিদপুরে ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নির্দিষ্ট কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলকে আটক করে সেনাবাহিনী। উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনি প্রচার কাজে নিয়োজিত ছিলেন।
ফরিদপুর : ফরিদপুর সদরে এক ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালেয় ভোটকেন্দ্রে জামায়াত সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. ফয়জুল হক লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলায় তার তিন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
