চালের দাম বৃদ্ধি
ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর শুনে বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। দ্রুত এসব বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন।
রুমন বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় তার ছবিসম্বলিত ব্যানার দেখে তা তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশ দেন। তৎক্ষণাৎ সেটা সরানো হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিজ্ঞাপনও দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, কয়েক দিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী দেখতে পান তাকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড সাঁটানো হয়েছে। সেই বিলবোর্ডটিও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল, যেটা প্রান্তিক মানুষের খাদ্য, সেই চালের দাম খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।
বর্ষার আগেই মশার উপদ্রব থেকে ঢাকাবাসীকে রক্ষার নির্দেশ : রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি। বলেছেন, যেকোনো মূল্যে ক্রাশ প্রোগ্রাম চালু করতে। এ ছাড়া ঢাকাকে বর্জ্যরে স্তূপ থেকে মুক্ত করে দ্রুত আধুনিক বর্জ্য অপসারণ-ব্যবস্থা কার্যকর করার নির্দেশনাও দেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণ, উত্তর ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা দেখা করেন।
পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, বিগত কয়েক মাসে আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ায় করপোরেশন চরম অর্থসংকটে পড়েছে। তিনি বলেন, ‘বিগত প্রশাসন ঢালাওভাবে যেসব ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে, তার ভিত্তিতে কাজ করতে গেলে সিটি করপোরেশন অচল হয়ে পড়বে। আমরা প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দ চেয়েছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা কামনা করেছি। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, আমাদের (ডিএনসিসি) হাতে মাত্র ২৫ কোটি টাকা আছে, অথচ প্রতি মাসে বেতন দিতেই লাগে ১৩ কোটি টাকা। অন্যদিকে, বিগত প্রশাসক বিদায় নেওয়ার ঠিক আগে ১৪৭০ কোটি টাকার টেন্ডার ও ৩৪টি বিলে সই করে গেছেন। এই বিপুল দেনার মুখে উন্নয়ন কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারও নিজ এলাকার সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বলে জানান।
জনগণের নিরাপত্তায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ : অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
প্রধানমন্ত্রী এ সময়, সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত : আতিকুর রহমান রুমন বলেন, মূলত বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে এ সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। এর আগে সোমবার বগুড়া জেলা প্রশাসক তৌহিদুর রহমান সাংবাদিকদের জানান, ৯ এপ্রিল তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে। কারণ, এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে, তাই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
