প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার
কারাগারে জামায়াত নেতা
Advertisement
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় আজিজুল হক নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। আজিজুল মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। উপজেলার ঝনকা বাজার থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা কে বা কারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্লগ পেজে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি এডিট করে ‘অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা’ লিখে পোস্ট করে। ছবিটি আজিজুল হক নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পেজ থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মুক্তাগাছা থানা-পুলিশ আজিজুল হক নামের একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল হক জামায়াত নেতা নন। তিনি জামায়াতকর্মী। আমাদের নেতাকর্মীরা থানায় গিয়েছিল ঠিকই কিন্তু তাকে ছাড়াতে নয়-বিষয়টি সম্পর্কে জানতে। মুক্তাগাছা থানার ওসি লুৎফর রহমান বলেন, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রীকে নিয়ে, তাই মামলা করার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হয়। আলোচনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় মামলার আগেই আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রক্রিয়াধীন।
