Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

এ পর্যন্ত উদ্ধার আড়াই লাখ লিটার

সারা দেশে ৭০ হাজার লিটার তেল জব্দ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সারা দেশে ৭০ হাজার লিটার তেল জব্দ

Advertisement

সারা দেশে সোমবার প্রায় ৭০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সংকট থাকায় জ্বালানি তেল না পেয়ে বিভিন্ন যানবাহন চালকরা বিপাকে পড়েছেন। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে গোপনে সরকারি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন। বগুড়ায় জ্বালানি তেলের সংকট থাকায় এখন থেকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখে পাম্প থেকে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে চাঁদপুর-ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ-রায়পুরসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যদিও এসব যানবাহন জ্বালানি তেল ব্যবহার করে না। ফেনীতে অকটেন না পেয়ে মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে পাম্পে ইট পাথর ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ৩ থেকে ২৯ মার্চ (রোববার) পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ১৬৮টি অভিযান চালানো হয়েছে। এতে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফেনী : ফেনীতে অকটেন না পেয়ে মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে পাম্পে ইট পাথর ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাম্পে ঝুলানো জেলা প্রশাসনের নির্দেশনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার রাত ২টার দিকে জেলা শহরের মেসার্স আবদুল কুদ্দুছ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করার জন্য পেট্রোল ও ডিজেল গোপনে নিয়ে আসার সময় জব্দ করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর বটতলা মোড় এলাকায় চাটমোহর-বাঘাবাড়ী সড়ক থেকে ১২টি ব্যারেলে থাকা ২ হাজার ৪০০ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়। এ সময় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুল আলমকে আটক করা হয়। 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশে উল্লাপাড়া পেট্রোল পাম্পে রোববার রাতে তেলের জন্য একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পাম্প কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও মডেল থানাকে বিষয়টি অবহিত করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে হামলাকারী ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে রাতে স্ব স্ব পরিবারের লোকজনের কাছে তুলে দেয়।

পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে অবৈধ মজুত করা ৪০০ লিটার পেট্রোল। রোববার বিকালে উপজেলার চাঁদকাঠি বাজার ও গাঁওখালী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি ও বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। রোববার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এ অভিযান পরিচালনা করেন।

টাঙ্গাইল ও কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন ও প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়। 

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ সুগন্ধা ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার আতাদী সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফিলিং স্টেশনের মালিককে সতর্ক করা হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে চলছিল অবৈধ জ্বালানি তেল মজুত ও বেচাকেনা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ফাঁস হলো চক্রটির তৎপরতা। এ সময় একটি তেলবাহী লরি জব্দসহ বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় ৪ জনকে। তারা হলেন-উপজেলার দৌলতদিয়ার মাঝের পাড়ার মো. আলী হোসেন, একই এলাকার মো. মোজাম হোসেন, পীরপুর মাঝের পাড়ার মো. রাহেন আলী ও মো. টিটন আলী।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাসাবাড়ির নিচতলায় (৫৮ ব্যারেল) ১২ হাজার লিটার পেট্রোল, অকটেল ও ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। এ অপরাধে আলতাব হোসেন নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বগুড়া : জেলা প্রশাসক তৌফিকুর রহমান হেলমেট, ড্রাইভিং লাইসেন্সের বিধিনিষেধ আরোপের বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ার জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হবে। বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে দোকানে খোলা পেট্রোল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। 

বরিশাল : সরকারিভাবে দাম না বাড়ালেও বরিশালের জেলা-উপজেলায় বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। চোরাবাজারে তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। 

ফরিদগঞ্জ (চাঁদপুর) : খোলাবাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির কারণে ফরিদগঞ্জ পৌর শহরের মনির ট্রেডার্সের মালিক মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। 

চাঁদপুর : চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে। 

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে বুলবুল হাসান, আজাদ খান ও মো. করিম মন্ডল নামে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ও সোমবার পৃথক অভিযানে তাদের এ দণ্ড দেওয়া হয়। এর মধ্যে দোহারের মো. করিমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং নবাবগঞ্জ উপজেলার বুলবুলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আমজাদ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

চট্টগ্রাম : চট্টগ্রামে অবৈধভাবে মজুত করে রাখা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার বিকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সিডিএ গেট এলাকা থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। ট্রাকের তিনটি ভাউচারে তেল মজুত করে রাখা ছিল বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের গোয়েন্দা তথ্যে এসব মজুত করা তেলের সন্ধান পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে চট্টগ্রামে একটি ফিলিং স্টেশনে তেলের অবৈধ মজুত রাখায় এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিপুল পরিমাণ অবৈধ ডিজেল মজুতের তথ্য পায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এর পরই পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাটি ঘিরে রাখেন। 

গাজীপুর : মহানগরের কোনাবাড়ী মোবাইল এলাকায় কোর্ট পরিচালনা করে ২৮ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে ২৮ হাজার লিটার ডিজেল ও সাড়ে ৫ হাজার লিটার অকটেন মজুত থাকা সত্ত্বেও ওই প্রতিষ্ঠানে ‘তেল নেই’ জানিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়। এ সময় জ্বালানি তেল বিক্রি বন্ধ ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়ার নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার।

এ বিষয়ে জানতে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফিলিং স্টেশনটির তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, মজুতকৃত ডিজেলের পরিমাণ ২৮ হাজার ৫২১ লিটার এবং অকটেন ৫ হাজার ৪১৯ লিটার উদ্ধার করা হয়েছে।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম