Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’, তদন্ত চাইলেন হানজালা

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’, তদন্ত চাইলেন হানজালা

Advertisement

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ-সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালাকে জঙ্গি সম্বোধন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

তার মতে, সেই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলেন, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। বিষয়টি নিয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন হানজালা। জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করেন এবং সেই সংসদ-সদস্যকে একটি নোটিশ দেওয়ার আহ্বান জানান। বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের কাছে এই তদন্ত চান তিনি। সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে একটু সুন্দরভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ২৩ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় আমি গিয়েছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। সংসদের দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকব একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’।

ঘটনার উল্লেখ করে হানজালা স্পিকারকে বলেন, একটু পর সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করছি।

স্পিকারকে অনুরোধ করে তিনি বলেন, এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণ আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল রয়েছে। এর জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে ‘জঙ্গি’ বলে সম্বোধন করেছেন। আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, আপনি সিসি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করবেন বা নির্দেশ দিন কারা এই কাজটি করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম