হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন
তেলের জন্য দীর্ঘ সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না
জাতীয় সংসদ অধিবেশন
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন সমস্যাটি এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীকে উদ্দেশ করে তিনি এই প্রশ্ন রাখেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজ সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তায় লাইনের গাড়ির দীর্ঘ সারি এবং আমরা বারবার দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই সমস্যাটি একনলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো আমরা সমস্যা যেভাবে এভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে সে ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, উনি (মন্ত্রী) কি দেখতে পাচ্ছেন না গাড়ির দীর্ঘ সারি এবং গ্রেজুয়ালি যে পাম্পগুলা বন্ধ হয়ে যাচ্ছে। সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় উনি কবে নাগাদ এই সমস্যা যথাযথভাবে সমাধান দেবেন এবং উনি প্রবলেমটি একনলেজ করবেন কি না।
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল পাম্পগুলোয় সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর হঠাৎ দাম বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ায় পাম্পে যে পরিমাণ তেল দিতাম, এক দিন, দেড় দিন লাগত বিক্রি করতে; এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। সেই জন্য মানুষের যে প্যানিক শুরু হয়েছে, লাইন দেখা যায়। কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই হয়।’
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে যে গ্যাস সঞ্চালন লাইন আছে, অনেক পুরোনো এবং গ্যাসের উত্তোলন কমায় চাপ কমে গেছে। সেজন্য প্রেশার কম থাকে। সেজন্য মাঝেমধ্যে গ্যাসের লাইনে যায় না। আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটা বাস্তবায়ন করতে সময় লাগবে।
