Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পালটাপালটি অভিযোগ

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার ব্যবহৃত মিথ্যা শব্দটিকে অসংসদীয় অভিহিত করে তা এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দুই নেতা একে অপরের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে আলোচনার সূত্রপাত করে ডা. শফিকুর রহমান বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বুধবার সংসদ থেকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। আসলে আল্লাহতাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়াল ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য তাকে ধন্যবাদ জানানোর জন্যই আমি আজ দাঁড়িয়েছি। এসময় স্পিকার বলেন, বিষয়টি গতকালের (বুধবার) এবং নতুন করে তোলার প্রয়োজন নেই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পালটা যুক্তি দিয়ে বলেন, এই মুহূর্তে বিরোধীদলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। আমি অনুরোধ করব, এটি এক্সপাঞ্জ করা হোক।

আগের দিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় কথা হচ্ছে তার বুধবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম বিরোধীদলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। রুল ৬২ অনুসারে বিরোধী দলের ওয়াকআউট করার অনেক পরে একজন বেসরকারি সদস্যের মুলতুবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেটি আগে পঠিত বা উত্থাপিত হওয়া অসম্ভব। তাই আমি বলেছিলাম বক্তব্য অসত্য ছিল।

জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, বিভ্রান্তিটা এখানে। একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন, যা ভিন্ন নামে এসেছে। বিষয়বস্তু একই ছিল কিন্তু শুধু নাম বদলে গেছে। আমি আগেরটি জানতাম বলেই বলেছি, এখানে কোনো ভুল তথ্য দেইনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম