Logo
Logo
×
   

শেষ পাতা

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

হালুয়াঘাটে যুবক আহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাটে যুবক আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পানিয়ারটারী) সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। এ ঘটনায় বিজিবির প্রতিবাদের জবাবে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। সোমবারও পাটগ্রামের আরেক সীমান্তে গুলিতে মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবক আহত হওয়ার পর দুঃখপ্রকাশ করেছিল বিএসএফ।

স্থানীয় লোকজন জানায়, আন্তর্জাতিক সীমান্তের প্রধান পিলার ৮৭৪-এর ৫ নম্বর উপ-পিলার এলাকা দিয়ে ভারতীয় পাচারকারীদের সহায়তায় আলী হোসেনসহ ৮ বাংলাদেশি বুধবার ভোরে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার সাতগ্রাম এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফের একটি টহলদল তাদের গুলি করে। এতে উভয় দেশের চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে আলী হোসেন নিহত হন। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় দেশটির পুলিশ।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানির সঙ্গে জড়িতরা ভারতের অভ্যন্তরে ঢুকে বিএসএফকে আঘাত করে। ফলে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি করে। ময়নাতদন্ত শেষে লাশ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশিকে হত্যার ঘটনায় দুপুরে ওই সীমান্তে পতাকা বৈঠকে বসে বিজিবি এবং বিএসএফ। এতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম ও ফালাকাটা বিএসএফ সেক্টরের ১৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সৌরভ। বৈঠকে বাংলাদেশির মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বিএসএফ দুঃখপ্রকাশ করেছে বলে জানায় বিজিবি। গুলিতে নিহতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘আমরা এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছি। তারা (বিএসএফ) দুঃখপ্রকাশ করেছে।’

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে উত্তর নলকুড়া গ্রামের মো. আনোয়ার হোসেন চোরাচালানি মালামাল সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তারকাঁটার নিকটবর্তী এলাকায় গেলে অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ি গারো ব্যক্তিদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে এলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .