Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

হাসনাতকে স্পিকার

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট

সংগৃহীত ছবি

Advertisement

সংসদে উত্তেজিত হওয়ায় সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিশেস। এখন প্রশ্ন হলো-আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে।

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে স্পিকার এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাশের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ-সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন।

স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলনেতা আমি একটা কথা বলি-তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাশ করা হয়েছে। একটি মাত্র বিল বাকি আছে ও এই বিলগুলো পাশ করার ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমার অনেক বয়স হয়েছে, এর আগের ৬টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। এখানে পুরোনো সদস্য মো. শাহজাহান ও গাজী নজরুল ইসলাম আছেন, তাদের জিজ্ঞাসা করে দেখেন। অতীতের সংসদগুলোর সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কী ধরনের পরিবেশ ছিল, কী ধরনের মনোভাব ছিল? কী ধরনের তির্যক, অশ্লীল বাক্যবিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদ শুরু হয়েছে ও সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন-আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রেমিডি আছে।

তিনি বলেন, আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিগিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই।

তিনি বলেন, আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এই সংসদ ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সব ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এর মতভিন্নতা। না হলে তো একটা দলই থাকত দেশে। এখানে তিন-চারটি দল, অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং আমি স্পিকার হিসাবে আপনাদের এনশিউর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট। টু সি দ্যাট অপোজিশন গেটস ইস ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম