মধ্যাহ্নভোজের দাওয়াত
হুইপ বললেন সাগর থেকে তিমি এনেছি হাঙর আসছে
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ সবাইকে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চিফ হুইপ নূরুল ইসলাম অধিবেশনের বিরতিতে শুক্রবার দুপুরে সংসদ-সদস্যদের জন্য এলডি হলে মধ্যাহ্নভোজের দাওয়াত দেন। স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। এ সময় সংসদ-সদস্যদের কেউ কেউ খাবারের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা জানান।
তার এই মন্তব্যে অধিবেশনে হাসির রোল পড়ে যায়। চিফ হুইপ বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকালে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ-সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ। এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি। আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’
সংসদে ‘ভুল সময়ে’ জামায়াত এমপির বক্তব্য, স্পিকারের সতর্কতা : ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাশের সময় সংসদে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ দাঁড়িয়ে ঢাকা-১২ আসনে জামায়াতের সদস্য মো. সাইফুল আলম ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’ সংরক্ষণের বিষয়ে কথা বলতে চান। তখন স্পিকার তাকে প্রশ্ন করেন, তিনি কোন বিলের ওপর আপত্তি জানাতে চান। সংসদ-সদস্য তখন জানান, তিনি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে কথা বলতে চান। জবাবে স্পিকার বলেন, ওই নামে কোনো বিল তখন পর্যন্ত সংসদে উত্থাপনই হয়নি। তিনি সংসদ-সদস্যকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং মন্তব্য করেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে। স্পিকার বিস্ময় প্রকাশ করে বলেন, সংসদ-সদস্য আলোচ্য বিল সম্পর্কে বিভ্রান্ত হয়েছেন। পরে শফিকুর রহমান বলেন, তারা আগে যে খসড়া পেয়েছিলেন তাতে ব্যাংক রেজুলেশন আইন ছিল, সেটি আলাদাভাবে আসবে কিনা তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। শেষে স্পিকার জানান, সংশ্লিষ্ট বিলটি পরে সংসদে উত্থাপন করা হবে।
