সরকারি শূন্য পদে নেওয়া হচ্ছে ৫ লাখ জনবল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান। জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। এদিকে সরকারি কর্মচারী নিয়োগের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনি ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। এ কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যক্রম নেওয়া হয়েছে। এ মোতাবেক মন্ত্রণালয়, বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন। এ অবস্থায় ছক অনুসারে এ বিষয়ে প্রতিবেদনপত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ [email protected] ঠিকানায়/ডিনথিতে) পাঠাতে হবে। পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে পাঠাতে হবে। এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
