Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

মাকালুর শিখরে প্রথম বাংলাদেশি বাবর

Advertisement

Icon

মো. আবু তালেব, হাটহাজারী (চট্টগ্রাম)

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাকালুর শিখরে প্রথম বাংলাদেশি বাবর

প্রথম বাংলাদেশি হিসাবে নেপালের মাউন্ট মাকালুর শিখরে পর্বতারোহী চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর গ্রামের ডা. বাবর আলী -সংগৃহীত

Advertisement

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু শিখর স্পর্শ করেছেন চট্টগ্রামের কৃতী সন্তান ডা. বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর পৌনে ৬টার দিকে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার পর্বতে প্রথম বাংলাদেশি হিসাবে তিনি সফলতা দেখান। পৃথিবীতে আট হাজার মিটার (২৬ হাজার ২৪৬ ফুট) বা ততোধিক উচ্চতার পর্বত আছে ১৪টি। ২০২৫ সাল পর্যন্ত ১৪টি পর্বত চূড়ার মধ্যে চারটি পর্বতের চূড়া ছুঁয়েছেন বাবর।

‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সকাল ৭টার দিকে ক্লাবের সভাপতি ফরহান জামান জানান, ডা. বাবর আলী মাকালু শিখর স্পর্শ করেছেন। নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’র স্বত্বাধিকারী মোহন লামসালের সূত্রে ফরহান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শিখরে ডা. বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। এ অভিযানে বাবরকে পৃষ্ঠপোষকতা করেছে ভিজুয়াল নিটওয়্যারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।

জানা গেছে, ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহাকালো’খ্যাত চূড়া মাকালু শিখরে আরোহণের উদ্দেশে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। ১৮ এপ্রিল পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে তিনি পৌঁছান। একটানা ১ হাজার ১০০ মিটারের অধিক ভয়ানক চড়াই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান শিখরে। শনিবার ক্যাম্প-২ ও রোববার বেস ক্যাম্পে তিনি নেমে আসবেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামের কৃতী সন্তান ডা. বাবর আলীর পর্বতারোহণে পথচলা শুরু ২০১৪ সালে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এ ক্লাবের হয়ে ১২ বছর ধরে তিনি হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন। ২০১৭ সালে ভারতের উত্তর কাশীর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ করেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসাবে বাবর হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯ হাজার ৩৫ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭ হাজার ৯৪০ ফুট) আরোহণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম