Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

দেশে আনা হলো কারিনার লাশ, আজ দাফন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে আনা হলো কারিনার লাশ, আজ দাফন

কারিনা কায়সারের কফিনবন্দি লাশ ভারত থেকে দেশে এলে তা দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে -যুগান্তর

Advertisement

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের লাশ দেশে আনা হয়েছে। রোববার বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার লাশ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। 

সেখান থেকে বাদ মাগরিব রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হয়। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কারিনার ভক্ত স্বজনরা উপস্থিত হন।

সেখানে তৃতীয় জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হয়। কায়সার হামিদ জানিয়েছেন, আজ সোমবার সকাল ৭টায় মুন্সীগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে কারিনার দাফন সম্পন্ন হবে। পরিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস-এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। বেশ কয়েকদিন সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। ১৫ মে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কারিনার মৃত্যু হয়।

কারিনা কায়সারের জানাজার পর এনসিপির বিক্ষোভ : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। এদিকে জানাজায় অংশ নিয়ে ফিরে যাওয়ার সময় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

রোববার রাত সাড়ে ১০টায় জানাজায় অংশগ্রহণ করেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।

রাত সোয়া ১০টায় কারিনার লাশ সেখানে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করে বক্তব্য দেন বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার।

পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যান। মিছিলে আরও ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম