Logo
Logo
×
   

শেষ পাতা

ফাহাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও গ্র্যান্ডমাস্টার নর্ম

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফাহাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও গ্র্যান্ডমাস্টার নর্ম

দাবার ছকে ছকে একের পর এক নিখুঁত চাল, দীর্ঘ চাপ আর অদম্য আত্মবিশ্বাস, সব মিলিয়ে তুরস্কের ইস্তাম্বুলে নতুন এক গৌরবগাথা লিখলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সে গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের পাশাপাশি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৯ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহ করে জিএম নর্ম অর্জনের সব শর্ত পূরণ করেন ফাহাদ। সেই সঙ্গে চ্যাম্পিয়নের মুকুটও নিজের করে নেন এই বাংলাদেশি দাবাড়ু।

ইস্তাম্বুল থেকে মুঠোফোনে ফাহাদ রহমান বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। দেশ-বিদেশে অনেক টুর্নামেন্ট খেলেছি। তুরস্কেই গত টুর্নামেন্টে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস করেছিলাম। এবার শেষ রাউন্ডে নর্ম অর্জন করতে পারায় বেশ তৃপ্তি লাগছে। একটা সফল মিশন শেষ করে দেশে ফিরব।’ গ্র্যান্ডমাস্টার হতে প্রয়োজন তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট। বর্তমানে ফাহাদের ঝুলিতে রয়েছে দুটি জিএম নর্ম এবং তার রেটিং পয়েন্ট ২৪৫০। এর আগে ২০২৪ সালের মার্চে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন তিনি।

বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে এ বছরের মধ্যে বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখছেন ফাহাদ। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘এখন মোটামুটি ভালো ফর্মে রয়েছি। আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে পারলে দ্রুত নর্ম পেতে পারি। এই মাসের ২৭ তারিখ মঙ্গোলিয়া যাওয়ার টিকিট করা আছে। এখন নির্ভর করছে ভিসা পাওয়ার ওপর।’

অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) হারান ইরানের ২৪৫৩ রেটিংধারী আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজাকে। আর নর্ম নিশ্চিত করতে শেষ রাউন্ডে প্রয়োজনীয় ড্র করেন জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের বিপক্ষে। সাদা ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১০ চালেই ড্র নিশ্চিত করেন তিনি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ জন দাবাড়ু অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তিনজন গ্র্যান্ডমাস্টার, চারজন আন্তর্জাতিক মাস্টার, দুজন ফিদে মাস্টার এবং একজন ক্যান্ডিডেট মাস্টার।

বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তাদের মধ্যে একমাত্র নিয়াজ মোর্শেদ এখনো নিয়মিত দাবায় সক্রিয়। দেশের দাবা অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম জিয়াউর রহমান ২০২৪ সালে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতেই মৃত্যুবরণ করেন। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার পেশাগত কাজে ব্যস্ত, আর আব্দুল্লাহ আল রাকিব অনেক দিন ধরেই দাবা থেকে দূরে। অন্যদিকে এনামুল হোসেন রাজীব বর্তমানে স্ত্রীর উচ্চশিক্ষার কারণে ইংল্যান্ডে অবস্থান করছেন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম