এমপি মাসুদের দম্ভোক্তি
২ ঘণ্টায় ওসিকে সরিয়েছি, মেজরকে চেঞ্জ করছি
Advertisement
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ (পরিবর্তন) করছি এখান থেকে। অনেকে বলে, ‘ভোটে এমপি হইছেন।’ আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লক্ষ মানুষ।’ এমপি মাসুদের এমন বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মজিবর রহমান (বাচ্চু)। এমপির ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এ সময় তিনি মটকা (মাথা) শব্দটি ব্যবহার করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মটকা শব্দটি তামিল ছবিতে ব্যবহার হয়। যারা সাধারণ তামিল ছবি দেখেন তারাই মটকা শব্দটি ব্যবহার করে থাকেন। তামিল শব্দ মটকার অর্থ মাথা। তবে তামিল ছবি দেখার কথা স্বীকার করেননি মাসুদ। এছাড়া বাংলাদেশের গ্রামাঞ্চলে মাটির তৈরি এক ধরনের পাত্রকে মটকা বলা হয়। মাটির তৈরি মটকায় গৃহবধূরা ধান, চালসহ নানান শস্য সংরক্ষণ করেন। এমপি মাসুদ তার বক্তব্যে মটকা গরম তথা মাথা গরম করার কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।
তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উলটাপালটা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন তো? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’ অনুষ্ঠানে নিজের সম্পর্কে শফিকুল ইসলাম আরও বলেন, ‘ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই; শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। শফিকুল ইসলাম কী জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’
তিনি আরও বলেন, ‘উলটাপালটা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কী একটা অসভ্য দেশে, কী একটা জাহেল, কী একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে। ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না।’
