ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা
আগাম টিকিট কেটেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদ আনন্দ উপভোগ শেষে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সোমবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট কেটেও অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেননি। আবার যারা উঠতে পেরেছেন তাদের অনেকেই নিজের আসনে বসতে পারেননি। অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করেছেন। এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়ও ছিল। তবে তুলনামূলক স্বস্তিতে ফিরেছেন সড়ক ও নৌপথের যাত্রীরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাসের টিকিটের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনের প্রায় প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। বিমানবন্দর রেলস্টেশনে বিপুলসংখ্যক যাত্রী নেমে যাওয়ার পরও কমলাপুরমুখী ট্রেনগুলোতে যাত্রীর চাপ কমেনি। আসনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা যাত্রী নিয়েই গাদাগাদি অবস্থায় ঢাকায় ফিরেছে ট্রেনগুলো।
পঞ্চগড় থেকে আসা ‘একতা এক্সপ্রেস’-এর যাত্রী সাইফুল ইসলাম জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে অনলাইনে টিকিট কেটে ঢাকায় ফিরলেও অতিরিক্ত ভিড়ের কারণে নিজ আসনে বসতে পারেননি। এমনকি নির্ধারিত বগিতেও উঠতে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানো ‘রংপুর এক্সপ্রেস’-এর যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর রংপুর থেকে ছেড়ে আসে। এতে ঢাকায় পৌঁছাতেও কয়েক ঘণ্টা বিলম্ব হয়। সময়মতো অফিসে যোগ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোমবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চল থেকে যাত্রী নিয়ে একের পর এক আসছে বাসগুলো। অনেকের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। হাতে গ্রাম থেকে আনা কুরবানির মাংস, বাজার-সদাই ও নানান জিনিসপত্রের ব্যাগও রয়েছে।
দুই ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় আসা ইউনাইটেড পরিবহণের যাত্রী মোয়াজ্জেম হোসেন যুগান্তরকে বলেন, ঈদের আগে ২৫ মে বাড়ি যাওয়ার সময় মহাখালী বাস টার্মিনালে বাস সংকট ছিল। সড়কের অনেক জায়গায় ছিল যানজটের ভোগান্তি। তবে গ্রামে সবার সঙ্গে ঈদ করতে পেরে ভালো লেগেছে। আর ফেরার সময় রাস্তায় যানজট ছিল না। টিকিট পেতে তেমন বেগ পেতে হয়নি। শেরপুর থেকে সোনার বাংলা পরিবহণে ঢাকা ফেরেন সারওয়ার আলম। তিনি বাস থেকে নামেন মহাখালী কাঁচাবাজারের সামনে। এ সময় তার সঙ্গে স্ত্রী, সন্তানও বাস থেকে নামেন। যুগান্তরকে সারওয়ার আলম জানান, তার বাবা-মা গ্রামে থাকেন। তিনি আগারগাঁও সরকারি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন। বাসার পাশেই এক অফিসে চাকরি করেন। প্রতিবছর গ্রামে গিয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে ঈদ উদযাপন করেন। তিনি বলেন, ফেরার পথে একটু স্বস্তিতে আসতে পেরেছি। কাউন্টারে গিয়ে টিকিট পেয়েছি। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অল্প সময়ের যানজট ছাড়া যাত্রা মোটামুটি নির্বিঘ্ন বলা যায়।
অনন্যা ক্লাসিক পরিবহণের মহাখালী বাসস্ট্যান্ডের কাউন্টার ম্যানেজার মো. মনোয়ার হুসেন জানান, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যাত্রীর চাপও আছে।
সারা দেশ থেকে যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশালে লঞ্চ-বাসে ফিরতি মানুষের ভিড় : ঈদ শেষে ফিরতি যাত্রায়ও চরম দুর্ভোগ মাথায় নিয়ে কর্মস্থলে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের লাখো বাসিন্দা। সোমবার বরিশালের সড়কপথে মাত্রাতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অধিকাংশ মানুষই টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন। নৌপথে যাত্রীর চাপ কম থাকলেও কেবিনের সংকট থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বরিশাল নগরীর কাউনিয়ার বাসিন্দা মেহেদি হাসান মামুন বলেন, মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে। তার ওপর ছোট মহাসড়ক হওয়ার কারণে গাড়ি ঠিকভাবে চলতে পারছে না। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে একাধিক ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। কেউ টিকিট না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সহায়তা করা হবে। এদিকে ঈদকে কেন্দ্র করে বরিশাল নগরীর অভ্যন্তরে থাকা ১১ কিলোমিটার মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বেড়ে যাওয়ায় যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
টাঙ্গাইলে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। গণপরিবহণের সংকটসহ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। কালিহাতীর নারান্দিয়ার রফিকুল ইসলাম বলেন, আমি ঢাকায় যাওয়ার জন্য প্রায় ১ ঘণ্টা যাবৎ অপেক্ষা করছি। ভালো মানের বাস পাচ্ছি না। যা পাচ্ছি আড়াইশ টাকার ভাড়া ৫০০ টাকা চাচ্ছে।
বগুড়ায় টিকিট সংকট, বাড়তি ভাড়া আদায় : বাস কাউন্টারে টিকিট সংকট, অতিরিক্ত যাত্রী ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করায় কর্মস্থলগামী জনগণ দুর্ভোগে পড়েছেন। বগুড়া মহানগরীর সাতমাথা, চারমাথা, বনানী, ঠনঠনিয়া, মাটিডালি ও চারমাথায় রোববার ও সোমবার সকালে বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে বগুড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় ও অন্যান্য অপরাধে আর কে ট্রাভেলসের ম্যানেজার ও সৌহার্দ্য পরিবহণের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব সূত্র জানায়, র্যাবের একটি আভিযানিক দল রোববার সন্ধ্যার দিকে বগুড়া মহানগরীর ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আর কে ট্রাভেলসের ম্যানেজার সাকিব আল হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইনে রাজবাড়ীর গোয়ালন্দের সৌহার্দ্য পরিবহণের সুপারভাইজার আজিম হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামে সড়ক পথে স্বস্তিদায়ক যাত্রা : ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামে ১০ দিনব্যাপী নানামুখী কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে ছিল-তদারকি, মনিটরিং, আইন প্রয়োগ এবং সচেতনতামূলক কার্যক্রম। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করায় যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
