আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, সারা দেশে সতর্কতা জারি
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে অ্যালার্ট (সতর্কতা) জারি করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ওইদিন অস্থির পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করেছেন। তিনি বলেন, ‘সতর্ক করা আমাদের কাজ। আমরা আশঙ্কা করছি, ২৩ জুন কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। আমরা পলিটিক্যালি বলি, তারা রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া পার্টি। সেক্ষেত্রে পুলিশ বাহিনীও তার দায়িত্ব পালন করবে। সেজন্যই সতর্কতা জারি করা হয়েছে সারা দেশে।’
শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য। এই এলাকাকে নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তীতে পুলিশ বাহিনী তার নৈতিক ভিত্তি ও সাহস দ্রুত ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পর পুলিশ এখন আরও সক্রিয়। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। অপরাধ হলে থানায় রিপোর্ট, মামলা হচ্ছে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেখানে অপরাধ কার্যক্রম নজরে আসছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত সাড়ে তিন মাসে পুলিশের কার্যক্রমে আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে বলে মনে করেন তিনি।
পুলিশ সদস্যদের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইনি ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন। চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তদন্ত সম্পন্ন করে মাত্র ১ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কনস্টেবল, সাব-ইনস্পেকটর এবং ওসির বিরুদ্ধে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশকে মাঠ পর্যায়ে সতর্ক করার পেছনে কোনো হুমকি আছে কিনা-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটি দেশে অস্থিরতা ছড়াতে চাইবেই। পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর।
পুরস্কার প্রদানের সময় মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ‘পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড’ (শাস্তি ও পুরস্কার) নীতি কার্যকর করেছে। কর্তব্যে আন্তরিকতা ও সততা প্রদর্শনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি গাফিলতি বা দুর্নীতিতে লিপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোংলার কোস্ট গার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যু দমনে কোস্ট গার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (মানসম্মত কর্মপদ্ধতি) অনুযায়ী কাজ করছে। চিহ্নিত ডাকাত মিরাজের অনুসারীরা কোস্ট গার্ডের ওপর হামলা চালালে কোস্ট গার্ড আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয় এবং বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
