পিজিআর’র প্রতি প্রধানমন্ত্রী
নিরাপত্তার কৌশল যেন জনগণ থেকে আমাকে দূরে না রাখে
বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান কেক কেটে পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করছেন। রোববার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে -পিআইডি
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তার কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ রাখতে পিজিআর-এর কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। এদিকে বিশেষভাবে লক্ষ রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।
সুশৃঙ্খলতার স্বীকৃতিস্বরূপ ‘পিজিআর’ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বাহিনী হিসাবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এ সাফল্যের জন্য আমি আপনাদের আবারও অভিনন্দন জানাই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাতকঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। তিনি বলেন, বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর বা এসএসএফ-এর মতো সফিস্টিকেটেড বাহিনীগুলোকে সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে যথানিয়মে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১৯৭৫ সালের এইদিনে প্রথমে ‘রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ নামে নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে ১৯৭৫ সালের ১৯ সেপ্টেম্বর এটিকে মেজর জেনারেল জিয়াউর রহমান ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’ হিসাবে নামকরণ করেন।
কেক কেটে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পিজিআর সদর দপ্তরে তিনি একটি গাছের চারা রোপণ করেন। চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে শহীদ পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
উল্লেখ্য, প্রতিবছর ৫ জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পিজিআর মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এটি বঙ্গভবনে রাষ্ট্রপতির দৈনন্দিন নিরাপত্তা ও অন্যান্য সামরিক দায়িত্ব পালন করে।
