সংসদে অর্থমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১,৮৮,৭০১ কোটি টাকা
সরকারের মোট ঋণ ২২০৬৪৬৬ কোটি টাকা
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। পুরো আর্থিক খাতে এখন একটি ‘ক্লিনিং প্রসেস’ বা পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। রাজস্ব আয় বাড়িয়ে ঋণনির্ভরতা কমানোই সরকারের মূল লক্ষ্য। রোববার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ সময় সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজে রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকের পাঠানো তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রস্তুত করা হয়েছে। ব্যাংকগুলো হলো-অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর কার্যকর ব্যবস্থাপনার জন্য ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ‘আমানত সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে।
সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : মো. গোলাম রুহুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা। তিনি বলেন, চলতি অর্থবছরে রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ১০.৪ শতাংশ নির্ধারণ হয়েছে। এর মাধ্যমে রাজস্ব আয় বাড়িয়ে ঋণনির্ভরতা কমানোই সরকারের মূল লক্ষ্য।
ব্যাংক খাতে লুটপাটের তদন্ত চলছে : প্রশ্নোত্তর পর্বে প্রবাসীকল্যাণ ব্যাংকের অনিয়ম ও ঋণ খেলাপি নিয়ে সংসদ-সদস্য সালাউদ্দিন অভিযোগ তোলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তদবির, ঘুস-বাণিজ্য এবং সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লোনের নামে লুটপাট হয়েছে। এ কারণে ব্যাংকটির প্রায় ৬১ শতাংশ ঋণই এখন খেলাপি হয়ে পড়েছে। এখনও সেই পুরোনো সিন্ডিকেট লোন উত্তোলনের চেষ্টা চালাচ্ছে। তিনি এই সিন্ডিকেট ভেঙে ফেলাসহ সুষ্ঠু তদন্তের দাবি জানান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, আর্থিক শৃঙ্খলা রক্ষাই বর্তমান সরকারের ‘টপ প্রায়োরিটি’ বা সর্বোচ্চ অগ্রাধিকার। পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরে এখন একটি ‘ক্লিনিং প্রসেস’ বা পরিচ্ছন্নতা অভিযান চলছে। ব্যাংক ও আর্থিক খাতে গত কয়েক বছরে সংঘটিত সব অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের তদন্ত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, আর্থিক শৃঙ্খলা ফেরানো এই সরকারের প্রধান লক্ষ্য। আর্থিক অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যেতে হলে এটি নিশ্চিত করতেই হবে। কেবল একটি ব্যাংক নয়, অনেকগুলো ব্যাংকে কী ঘটেছে তা নিয়ে তদন্ত হচ্ছে।
আতিকুর রহমান মুজাহিদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুর্বলতা ও অনিয়মের প্রসঙ্গটি উত্থাপন করেন। জবাবে অর্থমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকারের অধীনে আওয়ামী লীগের মতো বিএনপির ব্যাংক দখল প্রক্রিয়া বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।
ব্যাংক লুটেরাদের বিষয়ে সরকার কোনো আপস করবে না : এস আলম, বেক্সিমকো, অ্যালন টেক্স গ্রুপ ও বিসমিল্লাহ গ্রুপের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অঙ্কের ঋণ পরিশোধ না করার অভিযোগ তোলেন সংসদ-সদস্য রুমিন ফারহানা। জবাবে অর্থমন্ত্রী বলেন, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন, তাদের বিষয়ে সরকার কোনো আপস করবে না। রুমিন ফারহানার আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ১ হাজার ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন।
বিনা জামানতে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা : মো. মাহবুবুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতসাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এজন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী আরও বলেন, এছাড়া সেই সময়ের প্রধানমন্ত্রীর এক বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। বর্তমান প্রধানমন্ত্রীর ব্যয়ের সঙ্গে আগের প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনা টেনে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি শুধু একটি খাতের মধ্যে সীমাবদ্ধ নয়; এ ধরনের আরও অনেক ব্যয় রয়েছে। তিনি বলেন, ‘সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে স্টক চেকিং করছি।’
