Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

স্থানীয় সরকার নির্বাচন

আইন ও বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইন ও বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

Advertisement

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে অনুরোধ জানানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচির বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচনের আইন ও আচরণ বিধিমালা সংশোধনের বিষয়টি কমিশন সভায় উত্থাপন করা হবে। এ ক্ষেত্রে কমিশন যেটা আলোচনা করতে চাইবে, সেটা আলোচনা করবে। স্থানীয় সরকারের নির্বাচন আইন সংশোধনে যেসব সুপারিশ দেওয়ার পরিকল্পনা করছে, তার মধ্যে রয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সার্বক্ষণিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা; সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সেনাবাহিনী যুক্ত করা; দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; ঋণখেলাপি, বিলখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া; নির্বাচনি ট্রাইব্যুনাল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠন; আচরণ বিধিমালা লঙ্ঘন করলে সাজা বাড়ানো প্রভৃতি।

ইসি কর্মকর্তারা জানান, কমিশন সভায় সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের জন্য সুপারিশ আকারে সরকারের কাছে পাঠানো হবে। আর আইন পরিবর্তন করতে হলে মন্ত্রিসভায় অনুমোদন শেষে সংসদে পাশ হতে হবে। সংসদ অধিবেশন না থাকলে সরকার চাইলে অধ্যাদেশ জারি করতে পারে। তবে পরবর্তী সময়ে ওই অধ্যাদেশকে সংসদের অনুমোদন নিয়ে সংশোধিত আইন হিসাবে পাশ করতে হবে।

ইসি সূত্রে জানা যায়, কমিশন সভায় আইন পর্যালোচনার পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে। আর সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনের আচরণ বিধিমালার বিষয়ে আরেকটি সভার প্রয়োজন হতে পারে।

আসন্ন স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে। তার জন্য নির্বাচনের আচরণ বিধিমালা পরিবর্তন করতে হবে। সেখানে নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচার চালানোসহ বেশকিছু সংশোধনী আনা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম