Logo
Logo
×
   

শেষ পাতা

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় বলছেন: মির্জা ফখরুল

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় বলছেন: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে -যুগান্তর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা যে ভাষায় কথা বলতেন, বর্তমানে বিরোধী দলের নেতারাও সেই ভাষায় কথা বলছেন। তারা কথায় কথায় বলছেন করতে দেব না, চলতে দেব না, কাজ করতে পারবেন না ইত্যাদি। অথচ আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র ৪ থেকে ৫ মাস। এর মধ্যে দেশে বহু পরিবর্তন এনেছে সরকার। দেশের উন্নয়নের কাজ করতে সরকারকে সুযোগ দিন।’

রংপুর শিল্পকলা একাডেমিতে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা লাভ শেয়ার বিডি আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট শাসনের সময়ে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছিল। ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে। আওয়ামী লীগের আমলে যেখানে মানুষ ঠিকভাবে লিখতে পারত না, এখন গণমাধ্যমে সত্য-মিথ্যা সবকিছুই লেখা যাচ্ছে।’

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব একটি একটি করে বাস্তবায়ন করা হচ্ছে।’

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মেজরিটি আসন পেয়েছি। আমাদের দেশ চালাতে দেন। আমরা যদি ব্যর্থ হই, তাহলে পরে কথা বলবেন।’

গ্যাস সংকট প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি সমস্যা রয়েছে। কিন্তু তাদের (বিরোধী দলের) কথা হলো-এই মুহূর্তে সমস্যার সমাধান করতে হবে। তবে এত তাড়াতাড়ি গ্যাস সংকটের সমাধান করা যাবে না। কারণ, আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশে গ্যাস ও তেলের খনি অনুসন্ধান কাজ করেনি। তারা বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল। আমরা দায়িত্ব পাওয়ার পর দেশে তেল ও গ্যাসের কূপ খননের চেষ্টা করছি। কূপ খননের জন্য টেন্ডার হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই প্রচার হচ্ছে। নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের কাজ করতে হচ্ছে।’

তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমরা সেই প্ল্যান নিয়েই দেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করছি। অল্প সময়ের মধ্যে এর প্রতিফলন দেখবেন।”

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘শুধু নিজের স্বাবলম্বী হওয়া নয়, অন্যকেও স্বাবলম্বী করে তুলতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রাষ্ট্রদুত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .