Logo
Logo
×
   

শেষ পাতা

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চৈঃস্বরে গান নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জে আপত্তির মুখে কনসার্ট বাতিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চৈঃস্বরে গান নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মাদ্রাসাছাত্র ও পুলিশসহ ৩০ জন। কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে কনসার্ট বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে-গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে কনসার্টের অনুমতি বাতিল করে প্রশাসন। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জেলা শহরের পশ্চিম মেড্ডায় পুলিশ লাইন্সের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এতে দারুল আরকাম মাদ্রাসাছাত্রদের পড়াশোনায় সমস্যা হওয়ায় তারা গানবাজনার শব্দ কমাতে বলেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন। এতে মাদ্রাসাছাত্র ও পুলিশসহ ৩০ জন আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাদের মাদ্রাসায় পরীক্ষা ছিল। উচ্চস্বরে গান বাজানোয় পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ কারণে প্রথমে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমাতে বলেন। পরে শব্দ কমানো হলেও আবার তা বাড়ানো হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা এ ঘটনায় বিচার দাবি করেছেন।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অতি উৎসাহী যেসব পুলিশ সদস্য ছাত্রদের ওপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ : বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলিশান রেস্টুরেন্টের উদ্যোগে অ্যাসেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট আয়োজনের কথা ছিল। রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছিল। তবে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল করা হয়।

সোমবার কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার অনুষ্ঠান বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করে ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা। সংগঠনের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আবেদনে অভিযোগ করেন, পুরাতন স্টেডিয়ামে শরিয়তবিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠান আল্লাহতায়ালার আজাব আসার কারণ। এ ধরনের অনুষ্ঠান হলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মাওলানা আহমাদুল্লাহ বুধবার দুপুরে বলেন, আবেদনের পর জেলা প্রশাসন থেকে তাদের কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে। এজন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার দুপুরে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে তুলে সরিয়ে নিচ্ছেন আয়োজকদের লোকজন।

আয়োজক প্রতিষ্ঠান আলিশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন তাদের অনুমতি দিয়েছিল। তবে বুধবার অনুষ্ঠানের দিন দুপুরে জানিয়ে দেওয়া হয়, কনসার্ট করা যাবে না।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হতে পারে-গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়া যে রেস্টুরেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানের লাইসেন্সও নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .