Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

Advertisement

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। রোববার ঢাকা বোর্ডের সচিব এসএম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত সময়সূচি উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু এবং ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছিল।

ফলের ভিত্তিতে ভর্তি : এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর শিক্ষার্থীর ফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীর ফল, পছন্দক্রম ও কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষাবোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এ পদ্ধতিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তবে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোয় ভর্তি হয় পৃথক প্রক্রিয়ায়। ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয় এ পদ্ধতিতে ভর্তি নেওয়া হয়।

শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে আবেদন করতে হবে। যারা এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ রাখা হচ্ছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এরপর যাচাই-বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে। যেসব শিক্ষার্থী এ সময়ের মধ্যে কোনো কলেজ বা মাদ্রাসায় ভর্তির সুযোগ পাবে না, প্রত্যাশিত প্রতিষ্ঠান পাবে না কিংবা কোনো কারণে আবেদন করতে পারবে না, তাদের জন্যও ২৩ সেপ্টেম্বরের পর নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ফল, পছন্দক্রম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আসনসংখ্যাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর : অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে এবং ১৫ ডিসেম্বর শেষ হবে। পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের ছয়টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। একইদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও (মাউশি) এ সূচি প্রকাশ করেছে। ৬ আগস্ট মাউশিতে অনুষ্ঠিত সভায় পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল।

মাউশি ও ঢাকা শিক্ষাবোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম