Logo
Logo
×
   

শেষ পাতা

সম্পাদকদের বিরোধীদলীয় নেতা

সরকারের ভালো কাজে সহযোগিতা গণবিরোধী কাজে প্রতিরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারের ভালো কাজে সহযোগিতা গণবিরোধী কাজে প্রতিরোধ

রাজধানীর মিন্টো রোডে সোমবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -যুগান্তর

সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ।

সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর এটি সম্পাদকদের সঙ্গে ডা. শফিকুর রহমানের প্রথম মতবিনিময়। মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মতবিনিময় সভায় আমির জামায়াত দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে তা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে জামায়াতের ভূমিকা তুলে ধরেন। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধী দলের যে খারাপ অনুশীলন ছিল; সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন আমিরে জামায়াত। সম্পাদকমণ্ডলী জামায়াতের এই নীতির প্রশংসা করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। রাজপথে বিরোধী দল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয় সেই পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। তিনি বলেন, সরকারি দল জাতীয় সংসদে বিরোধী দলের এমপিদের সঙ্গে নানা ইস্যুতে বৈষম্য করছে। জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি। এগুলো আমির জামায়াত তুলে ধরেছেন।

সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আমিরে জামায়াত বলেছেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করবেন। সংসদের অতীতের বিরোধী দলগুলোর তুলনায় জামায়াত ব্যতিক্রম বলে অভিমত প্রকাশ করেছেন সম্পাদকরা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম