Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

সংসদে এমপির দাবি

ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না

Advertisement

সংরক্ষিত নারী আসনের সদস্য সুলতানা আহমেদ অভিযোগ করেছেন, শতভাগ ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালুর পরও সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না। এসব দুর্নীতিবাজ তহশিলদারের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা কবে প্রকাশ করা হবে। রোববার জাতীয় সংসদে এই অভিযোগ করেন তিনি।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো নিয়মিতভাবে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অভিযোগ জানানোর ব্যবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘সম্প্রতি ভূমি মন্ত্রণালয় সারা দেশ থেকে ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ অনলাইনে দাখিলের জন্য ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে। এখানে প্রাপ্ত অভিযোগগুলো নিয়মিত নিষ্পত্তি করে অভিযোগকারীকে এসএমএস-এর মাধ্যমে ফিডব্যাক দেওয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সরকারি খাসজমি অবৈভবে দখল হলে তা দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া এবং দেশের যে কোনো স্থানে খাসজমি অবৈধ দখলের ঘটনা সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।’

সারের ঘাটতি নেই-কৃষিমন্ত্রী : সংসদ-সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার জন্য নীতিমালা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।’

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম-মিন্টু : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের ১৩তম। রোববার জাতীয় সংসদে মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল নির্ধারণের জন্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোর আওতায় ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ প্রণয়ন করেছে। এছাড়া গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বাংলাদেশ ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন্স’ প্রণয়ন করে ইউএনএফসিসিসি-তে দাখিল করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম