Logo
Logo
×
   

শেষ পাতা

আইনি সচেতনতা পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে পারে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইনি সচেতনতা পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে পারে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিমকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন নগর সম্পাদক মিজান মালিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুরসহ যুগান্তরের সাংবাদিকবৃন্দ। শনিবার দৈনিক যুগান্তরের কার্যালয়ে -যুগান্তর

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, আইন কিংবা নীতিমালা বদলালে সাংবাদিক সমাজের সমস্যার সমাধান হবে না। বরং বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ এবং নিজেদের অধিকার ও আইন সম্পর্কে সচেতনতাই পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে পারে। শনিবার দুপুরে দৈনিক যুগান্তর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর, নগর সম্পাদক মিজান মালিক, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর।

বিচারপতি আব্দুল হাকিম বলেন, তথ্য অধিকার ও শ্রম আইনে সাংবাদিকদের নিয়োগপত্র এবং অধিকারের সুস্পষ্ট বিধান রয়েছে। কিন্তু এসব আইন সম্পর্কে না জানার কারণে অনেকে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সবাইকে তথ্য অধিকার ও শ্রম আইন সম্পর্কে জানতে হবে। শুধু নিজে জানলে হবে না-আইন সম্পর্কে সবাইকে জানাতে হবে। তিনি আরও বলেন, সংবাদমাধ্যম, আদালতসহ বিভিন্ন পেশার ক্ষেত্রে পেশাদারত্বের অবক্ষয় ঘটেছে। রাজনীতিকে রাজনীতির স্থানে না রেখে পেশার সঙ্গে মিশিয়ে ফেলায় যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না। ফলে রাজধানীকেন্দ্রিক মনোভাব বৃদ্ধি পাচ্ছে এবং মফস্বলের দক্ষ পেশাজীবীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশে আইন ও নীতিমালার গুরুত্ব তুলে ধরে যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আইনজীবী এবং আইনজ্ঞদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দার্শনিক ও রাষ্ট্রনায়ক আইন বিষয়ে শিক্ষিত ছিলেন। মূলত আইন মানুষের জীবন ও সমাজের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে এখনো সুস্পষ্ট ও কার্যকর নীতিমালার ঘাটতি রয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও তথ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিচ্ছিন্ন আইন ও অধ্যাদেশের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। অথচ একটি রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও সমন্বিত নীতিমালা প্রয়োজন।

যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন বলেন, কর্মজীবনে শুধু দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়; পেশাগত জীবনে নৈতিকতা ও মূল্যবোধও গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় চিন্তা করি না-কোন কাজ করলে আমাদের নৈতিকতা ও পেশাগত আদর্শ বজায় থাকবে। অথচ মানুষের কর্মজীবনে দায়িত্ববোধ, সততা ও নৈতিকতার গুরুত্ব অনেক। তিনি বলেন, আমাদের দেশে ভালো কিছু করা খুবই কঠিন। রাজনৈতিক চাপ, সামাজিক বিভাজন ও বিভিন্ন ধরনের স্বার্থের কারণে অনেক সময় ভালো উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন। আমরা নীতির কথা বললেও ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন এলে অনেক সময় সেই নীতি থেকে সরে আসি।

যুগান্তরের যুগ্ম-সম্পাদক বিএম জাহাঙ্গীর বলেন, প্রেস কাউন্সিল এবং এর কার্যক্রম ও আইন সম্পর্কে সাংবাদিকদের বেশি জানাশোনা থাকা প্রয়োজন। কারণ এ প্রতিষ্ঠানের সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই আইন সম্পর্কে জানলে সাংবাদিকরা নিজেদের অধিকার, দায়িত্ব ও পেশাগত নৈতিকতা সম্পর্কে বেশি সচেতন হতে পারবে। প্রায় দেড় ঘণ্টার আলোচনায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের অধিকার ও সুরক্ষাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম