কয়েকজন সদস্যের অন্যায়ের দায় পুরো বাহিনী নেবে না: আইজিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশ বাহিনীতেও কিছু খারাপ লোক আছে। তবে গুটিকয়েক সদস্যের অন্যায়ের জন্য পুরো বাহিনী কখনোই দুর্নামের দায়ভার নেবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করা শুরু করি তখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলো হলুদ সাংবাদিকতার কারণে। ভালো সাংবাদিকদের বলব, আপনারা এর বিরুদ্ধে দাঁড়ান। আমাদের পুলিশেও আছে খারাপ লোক। একবার বলেছিলাম, ‘আমাদের ১ শতাংশ লোকও খারাপ নয়।’ এটা নিয়ে মিডিয়াতে বলা শুরু হলো, ‘উনি পুলিশে করাপশন জায়েজ করতেছে।’ না, আমি আমাদের এনালাইসিস দিয়ে তখন বলে দিয়েছি থানায় কয়জন লোক আছে, পুলিশ বাহিনীর সদস্য কতগুলো আছে, পারসেন্ট হয় না, পয়েন্ট শূন্য ৭ শতাংশ। তাহলে ওই কয়েকজন লোকের কারণে কেন আমি পুরো পুলিশ বাহিনীর দুর্নামের দায় নেব? আমি অপরাধ করে থাকলে সেটাই বলুন, কিন্তু এই যে অপবাদ গুজব দিয়ে এক ধরনের মনোবল নষ্ট করা, এটার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে।
এদিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে গিয়ে আইজিপি বলেন, ছিনতাই, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে তাদের আবদ্ধ রাখতে পারিনি। আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ সদস্য রয়েছে। যার কারণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, পুলিশকে জনবান্ধব হতে হবে। জুলাই বিপ্লবের পর পুলিশ যেখানেই যাচ্ছে, প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কেন? পুলিশ তো একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ার জন্য, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পুলিশ কাজ করতে না পারলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি অতীতে দেখা গেছে। আমরা পুলিশকে গালি দিই, অপমান করি। কিন্তু পুলিশকে ধারণ করতে হবে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা না করতে পারি, আর সবাই মিলে যদি বিশৃঙ্খলা তৈরি করি, তাহলে সমাজকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যাবে না।
