Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

ভাইভা ইস্যু কোথায় পাঠাবে আপনারা টেরও পাবেন না: নাহিদ ইসলাম

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভাইভা ইস্যু কোথায় পাঠাবে আপনারা টেরও পাবেন না: নাহিদ ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বুধবার ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম -যুগান্তর

Advertisement

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা নিজেরাও টের পাবেন না।

বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি ববি শাখা এর আয়োজন করে। ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

নাহিদ ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভা মার্ক হচ্ছে দলীয় নিয়োগের সুযোগ। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার মার্ক ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর করা উচিত। আর তারা যখন সরকারে আসে তখন উলটো পথে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা বলে দিতে চাই, রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেবেন না। যদি আপনাদের কাছে এটা যথাযথ যুক্তি থাকে তাহলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করুন, যৌক্তিক সংস্কার করুন। তা আমরাও চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর দুবছর অতিবাহিত হয়েছে। এ সময়জুড়ে অন্তর্বর্তী সরকার শেষে এখন নির্বাচিত সরকার রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে, তা আপনারা বিচার করবেন।’

সভা শেষে নাহিদ ইসলাম ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম